ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ প্রধান নূর মোহাম্মদ বলেছেন, দেশে জঙ্গিবাদি তৎপরতা থাকলেও তাদের ভিত্তি শক্ত নয়। তাই আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই।
পুলিশ টেলিকম মিলনায়তনে মঙ্গলবার বিকালে ২০০৮ সালে কর্তব্যরত অবস্থায় বিভিন্ন দুর্ঘটনায় নিহত পুলিশ সদস্যদের পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পুলিশ মহাপরিদর্শক বলেন, পুলিশের সুযোগ-সুবিধা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। যারা মারা গেছেন তাদের পরিবারের সদস্যরাও যাতে এসব সুবিধা যত তাড়াতাড়ি সম্ভব পেতে পারেন, সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নূর মোহাম্মদ বলেন, সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ড সম্পর্কে সবাইকে সচেতন করে তুলতে হবে। এর কুফলও সবার কাছে তুলে ধরতে হবে। এজন্যে জনসচেতনতা বাড়াতে হবে।
এক প্রশ্নের জবাবে নূর মোহাম্মদ বলেন, কোন মাদ্রাসা বা বিশেষ স্থানে নয়, সবখানেই গোয়েন্দারা নজর রাখছেন। জঙ্গিদের ব্যাপারে আতঙ্কিত না হওয়ার জন্যে তিনি জনগণের প্রতি আহবান জানান।
একুশে আগস্টের গ্রেনেড হামলায় তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এতদিন আইনি জটিলতার কারণে এদের বিরুদ্ধে মামলা করা হয়নি। এখন মামলা করা হয়েছে। তাই তাদের গ্রেপ্তারে আইনি কোন বাধা নেই। তাদের গ্রেপ্তার করা হবে বলে আইজি জানান।
এর আগে বক্তব্য দিয়ে অতিরিক্ত মহাপরিদর্শক নব বিক্রম কিশোর ত্রিপুরা জানান, ২০০৮ সালে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারকে মোট ৯২ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে।
এছাড়া বাংলাদেশ পুলিশ কর্মচারি পরিবার নিরাপত্তা প্রকল্প থেকে ৩০২ জনকে ৯৭ লাখ ৮৩ হাজার ৪২০ টাকা দেওয়া হয়েছে।
পুলিশ কল্যাণ তহবিল থেকে ১ হাজার ৪৮৯ পুলিশ সদস্যকে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার টাকা দেওয়া হয়েছে। এছাড়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভাল ফল করার জন্য পুলিশ সদস্যের ২১৯ ছেলে-মেয়েকে ১৯ লাখ ৮০ হাজার টাকা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/টিআর/এসকে/২১২০ঘ.
bdnews24