বগুড়া, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়া-৬ ও ৭ আসনের উপনির্বাচনের প্রচারণায় আওয়ামী লীগ প্রার্থী ও কেন্দ্রীয় নেতারা ভোটারদের কাছে ভোট চেয়ে এলাকার উন্নয়নে প্রতিশ্রুতি দিচ্ছেন।
মঙ্গলবার শেষদিনের প্রচারণায় আওয়ামী লীগের দুই প্রার্থীর পক্ষে নেতা-কর্মীরা গণসংযোগ, মিছিল ও পথসভা করেছেন।
বগুড়া-৭ (গাবতলী, শাজাহানপুর উপজেলা) আসনের প্রার্থী মো. মুস্তফা আলমের পক্ষে গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত এক সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাংসদ আবদুল মান্নান বলেন, এ আসনে দলের প্রার্থী জিতলে এলাকার ব্যাপক উন্নয়ন হবে।
তিনি এলাকার উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিতে ভোটারদের আহ্বান জানান।
পরে আব্দুল মান্নান গাবতলীর বেশ কয়েকটি এলাকায় গণসংযোগ করেন।
এছাড়াও তিনি বগুড়া-৬ (সদর) আসনের বিভিন্ন এলাকায় প্রচারণায় অংশ নিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
আওয়ামী লীগের আরেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না গাবতলীর সুকানপুকুর রেলওয়ে চত্ত্বরে দলীয় প্রার্থীর সর্মথনে জনসভায় বক্তব্য রাখেন। তিনি নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের জোয়ার আনার আহ্বান জানান।
বগুড়া-৬ আসনের মহাজোট প্রার্থী আওয়ামী লীগের মমতাজউদ্দিন ও বগুড়া-৭ আসনের একই দলের প্রার্থী মো. মুস্তফা আলমও নৌকায় ভোট দিলে বগুড়ায় উন্নয়ন হবে বলে প্রতিশ্র"তি দেন।
২ এপ্রিল রংপুর-৩ ও ৬, কুড়িগ্রাম-২, বগুড়া-৬ ও ৭ ও কিশোরগঞ্জ-৬ আসনে উপনির্বাচন হবে। এসব আসন ছেড়েছেন যথাক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও রাষ্ট্রপতি জিল্লুর রহমান।
প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া বাগেরহাট-১ আসনের উপনির্বাচনে ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের শেখ হেলাল উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৯ ঘ.
bdnews24