২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে 'রাজাকারের' বিরুদ্ধে আরেকটি মামলা

মুক্তিযোদ্ধাদের সহায়তাকারী এক যুবককে হত্যার অভিযোগে বাগেরহাটে আরও একটি মামলা হয়েছে পাঁচ 'রাজাকারের' বিরুদ্ধে। এ নিয়ে বাগেরহাটে 'রাজাকারদের' বিরুদ্ধে পৃথক সাতটি মামলা হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2009, 04:42 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

বাগেরহাট, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযোদ্ধাদের সহায়তাকারী এক যুবককে হত্যার অভিযোগে বাগেরহাটে আরও একটি মামলা হয়েছে পাঁচ 'রাজাকারের' বিরুদ্ধে। এ নিয়ে বাগেরহাটে 'রাজাকারদের' বিরুদ্ধে পৃথক সাতটি মামলা হল। বাগেরহাটের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে সোমবার মামলাটি করেন মোড়েলগঞ্জ উপজেলার পাশখালী গ্রামের শহীদ মোজাম্মেল আলী হাওলাদারের ভাই সেকেন্দার আলী হাওলাদার। হাকিম আব্দুস সালাম খান অভিযোগটি এজাহার হিসেবে নথিভুক্ত করার জন্য মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। মামলার আসামিরা হলেন- লুৎফর হাওলাদার (৬৫), মোসলেম ফরাজী (৭২), আব্দুল গনি হাওলাদার (৫৭), আফজাল মৃধা (৬৮) ও লিয়াকত সরদার (৫৮)। তাদের বাড়ী বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ডেউয়াতলা, ভাইজোড়া, লক্ষিখালী ও কালাচান্দের দাইড় গ্রামে। মামলার অভিযোগে এদের রাজাকার বলে উল্লেখ করা হয়। এদের বিরুদ্ধে অভিযোগ করা হয়, ১৯৭১ সালের ১০ ডিসেম্বর সন্ধ্যায় আসামিরা রাইফেল, বন্দুক ও রাম দা নিয়ে বাদীর বাড়িতে এসে মুক্তিযোদ্ধাদের সহায়তা করার অপরাধে তার ভাই মোজাম্মেল আলী হাওলাদারাকে ধরে নিয়ে যান। তারা মোজাম্মেলকে পার্শ্ববর্তী ভাইজোড়া গ্রামের হোসেন 'চেয়ারম্যানের' বাড়িতে নিয়ে মারধর করার পর গুলি করে হত্যা করে। এ সময় বাদী ও তার বাবা ওসমান আলী হাওলাদার ঘটনাস্থলে ছুটে গেলে রাজাকাররা ওসমান হাওলাদারকেও গুলি করেন। তবে তিনি প্রাণে বেঁচে যান। মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, আদালতের আদেশের কাগজপত্র এখনও থানায় পৌঁছায়নি। কাগজপত্র হাতে পেলে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৪০ ঘ.