২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একাত্তরে মুক্তিযোদ্ধা হত্যার অভিযোগে খুলনায় ২০ জনের বিরুদ্ধে মামলা

একাত্তরে খুলনার বটিয়াঘাটা উপজেলায় একজন মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে একটি মামলা হয়েছে ২০ 'রাজাকারের' বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2009, 04:47 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

খুলনা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একাত্তরে খুলনার বটিয়াঘাটা উপজেলায় একজন মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে একটি মামলা হয়েছে ২০ 'রাজাকারের' বিরুদ্ধে। মঙ্গলবার খুলনার বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন মহানগরীর পূর্ব বানিয়াখামার এলাকার শহীদ মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের ছেলে শেখ মোহাম্মদ আলী। হাকিম তসলিম আরিফ মামলাটি গ্রহণ করতে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। এর আগে গত ১১ মার্চ খুলনার বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুল্লাহ গোলদার তার পিতাকে হত্যার অভিযোগে আদালতে নয় রাজাকারের বিরুদ্ধে মামলা করেন। মঙ্গলবার দায়ের করা মামলার আসমিরা হলেন- খোরশেদ মোল্লা, আবু তালেব মোড়ল ওরফে এটিএম রফিক (৭০), আলী আকবর হাজী (৮০), মোস্তফা মোল্লা (৭৫), মাসুম বিল্লাহ (৬৮), ডা. মোহর শেখ (৬০), রহুল মোল্লা (৬৫), আকুবার শেখ (৬৫), আ. হাকিম গাজী (৬৭), রশীদ হাওলাদার (৭৫), মোশারেফ হাজী (৬০), নজরুল ইসলাম মৃধা (৬৫), রুস্তম আলী শেখ (৬০), হাতেম আলী শেখ (৬৫), আমজেদ ফকির (৬০), ইউছুব মোল্লা (৬৫), রজব আলী সরদার (৭৭), গফফার গোলদার (৬৯), জাফর মলঙ্গী (৬০) ও জালাল মোল্লা (৬৩)। মামলার অভিযোগে এদের 'রাজাকার' বলে উল্লেখ করা হয়। অভিযোগে বলা হয়, ১৯৭১ সালের ১৬ আগস্ট সকাল ৬টায় বটিয়াঘাটা উপজেলার ফুলবাড়ী রাজাকার ক্যাম্পের কমান্ডার খোরশেদ মোল্লার নেতৃত্বে সশস্ত্র আসামিরা নাজির শেখের বাড়ি ঘিরে ফেলে। মুক্তিযোদ্ধা খলিলুর রহমান শহর ছেড়ে পরিবার পরিজন নিয়ে ওই বাড়িতে অবস্থান করছিলেন। তিনি বাড়ির পিছনের পথ দিয়ে পালানোর চেষ্টা করেন। 'রাজাকাররা' ধাওয়া করলে তিনি কাজীবাছা নদীতে ঝাঁপ দেন। ওই সময় নদীতে মাছ ধরারত জেলেদের সহায়তায় খলিলকে ধরে ফেলে তারা। এখান থেকে তারা মুক্তিযোদ্ধা খলিলকে ফুলবাড়ী রাজাকার ক্যাম্পে দুইদিন আটকে রেখে নির্যাতন চালায়। ১৮ আগস্ট ফুলবাড়ী রাজাকার ক্যাম্পের মাঠে ফ্ল্যাগ স্ট্যান্ডের সঙ্গে বেঁধে গুলি করে হত্যা করে। হত্যার পর মৃতদেহ ধারালো কুড়াল দিয়ে টুকরো টুকরো করে পার্শ্ববর্তী নালুয়া নদীতে ফেলে দেয়। মামলায় ৯ জনকে সাক্ষী করা হয়েছে। বাদীপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট ফরিদ আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৪৮ ঘ.