ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ব্যারিস্টার রফিক-উল-হকের বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননার মামলা আদালতের দৈনন্দিন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট।
রোববার বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেয়।
শুনানির শুরুতে আদালত বলেন, এই বেঞ্চ এ মামলায় বিভক্ত রায় দেবে। তাই মামলাটি এ আদালতের কার্যতালিকা থেকে বাদ দেওয়াই সমীচিন।
শুনানিতে আবেদনকারীর পক্ষে অ্যাডভোকেট রমযান আলী সিকদার বলেন, "ব্যারিস্টার রফিক-উল-হকের আজ (রোববার) সকাল সাড়ে দশটায় হাইকোর্টের এই বেঞ্চে হাজির হওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছিল। কিন্তু তিনি হাজির না হয়ে হাইকোর্টের আদেশ অমান্য করেছেন। তিনি আরও গুরুতর আদালত অবমাননা করেছেন।"
তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্যও অ্যাডভোকেট রমযান আবেদন জানান।
ব্যারিস্টার রফিক-উল-হকের পক্ষে আজমালুল হোসেন কিউসি আদালতে উপস্থিত ছিলেন।
গত ২৫ ফেব্র"য়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইদ্রিসুর রহমান ও মো. জহিরুল ইসলাম মুকুল ব্যারিস্টার রফিক-উল-হকের বিরুদ্ধে এ আদালত অবমাননার আবেদন দায়ের করেন। ওই দিনই হাইকোট হকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে।
আদালত অবমাননার দায়ে কেন কার্যক্রম গ্রহণ করা হবে না ২২ মার্চ ব্যারিস্টার হককে সশরীরে হাইকোর্টে হাজির হয়ে তার জবাব দিতে বলা হয়েছিল।
ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে ব্যারিস্টার হক গত ১৫ মার্চ একটি আবেদন দায়ের করেন। গত ১৭ মার্চ এ আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হয়। হাইকোর্ট এ বিষয়েও ২২ মার্চ শুনানির দিন ধার্য করে দিয়েছিল।
গত ২৪ ফেব্র"য়ারি দৈনিক প্রথম আলো পত্রিকায় "পলাতকদের জামিন বিষয়ে হাইকোর্টের বিভক্ত রায়, ব্যারিস্টার রফিক-উল হকের মন্তব্যে বিচারকের এজলাস ত্যাগ" শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
ওই প্রতিবেদনে বলা হয়েছিল, "বিচারপতি রায় ঘোষণা করতে থাকেন। ব্যারিস্টার রফিক-উল হক আবারও বলেন, ইউ আর এ কোলাবরেটর। ইউ আর নট বাংলাদেশি।"
প্রতিবেদনে আরও বলা হয়, "ব্যারিস্টার রফিক-উল হক আবারও বলেন, হাইকোর্টের বিধিগুলো (রুলস) দেখেন। আপনি হাইকোর্টের বিধি সম্পর্কে জানেন না। আপনি দায়রা আদালতের বিচারক থেকে এসেছেন।"
ব্যারিস্টার হক এ ধরণের বক্তব্য আদালত অবমাননাকর -এ অভিযোগ এনে সুপ্রিম কোর্টের ওই তিন আইনজীবী মামলাটি দায়ের করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২০৪৬ঘ.
bdnews24