২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ বার চিরুনি তল্লাশি চালানো হয়েছে: দমকল

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সার্ভিসের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবু নাইম মোঃ শহিদুল্লাহ বলেছেন, নিখোঁজ সেনা কর্মকর্তাদের খোঁজে বিডিআর সদর দপ্তরে পাঁচবার চিরুনী তল্লাশি চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত নতুন করে কারও খোঁজ পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2009, 05:30 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা মার্চ ০২ (বিডিনিউজ ২৪ ডটকম)-- ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সার্ভিসের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবু নাইম মোঃ শহিদুল্লাহ বলেছেন, নিখোঁজ সেনা কর্মকর্তাদের খোঁজে বিডিআর সদর দপ্তরে পাঁচবার চিরুনী তল্লাশি চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত নতুন করে কারও খোঁজ পাওয়া যায়নি। সোমবার বিকালে বিডিনিউজ ২৪ ডটকমকে তিনি বলেন, শুক্রবার সকাল থেকেই ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। এখনো কয়েকজন কর্মকর্তা নিখোঁজ রয়েছেন। আমরা তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছি। ব্যাপক অনুসন্ধান কাজের বিস্তারিত বর্ণনা দিয়ে মহাপরিচালক বলেন, প্রতিটি ম্যানহোলের ঢাকনি খুলে দেখা হচ্ছে। এছাড়া পুুকুরে তল্লাশীর পরে পানি সেচ করেও দেখা হচেছ। এই পানি আবার সুয়ারেজ লাইনে ফেলে গতি বাড়ানো হচ্ছে, যাতে সুয়ারেজে কেউ আটকে থাকলে বের হয়ে যায়। সম্ভাব্য লাশের অবস্থান বের করতে পিঁপড়ার সারি বা কাক-চিল শকুনের গতিবিধিও লক্ষ্য করা হচ্ছে বলে তিনি জানান। কেউ হাতমুখ বাঁধা অবস্থায় কোনো বাড়িতে পড়ে থাকতে পারে এরকম তারা ভেবেছেন কিনা-এ প্রশ্নের জবাবে মহাপরিচালক আবু নাইম বলেন, সেনাবাহিনীকে এ বিষয়টি বলে তাদের সহায়তা চাওয়া হয়েছে এবং সেনাবাহিনী সোমবার পুলিশের সহায়তায় কয়েকটি বাড়িতে বিশেষ তল্লাশি চালিয়েছে। আশা প্রকাশ করে তিনি বলেন, "কর্মকর্তাদের যদি সদর দপ্তরের কোথাও রাখা হয়, তাহলে নিশ্চয়ই আমরা খুজে পাব।" বিডিনিউজ ২৪ ডটকম/এলএইচ/এসআইটি/এসকে/২৩২৪ঘ.