ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ ২৪ ডটকম) - বিভিন্ন জেলায় রাইফেলস ব্যাটালিয়ন দপ্তর ও থানায় সোমবার আরও কিছু বিডিআর জওয়ান রিপোর্ট করেছেন।
এর মধ্যে কুড়িগ্রাম সদর থানায় আটজন, খুলনায় ৪৫ জন, কিশোরগঞ্জে দুজন, সিলেটে একজন বিডিআর জওয়ান ও কর্মকর্তা এবং নওগাঁয় দুটি ব্যাটালিয়ন দপ্তরে আটজন রিপোর্ট করেছেন। রোববার খুলনা সেক্টর দপ্তরে ১১ জন এবং নওগাঁয় দুটি ব্যাটালিয়ন দপ্তরে ২৫ জন রিপোর্ট করেছিলেন। ওই দিন নওগাঁর মহাদেবপুর থানায় রিপোর্ট করেছিলেন একজন।
শনিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেসনোটে বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহ ও অনাকাঙ্খিত ঘটনার পরিপ্রেক্ষিতে ছুটি ছাড়া অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত বিডিআর সদস্যদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে ঢাকার বিডিআর সদর দপ্তরে রিপোর্ট করার জন্য হাজার হাজার বিডিআর জওয়ান ভিড় জমান। সোমবারও রিপোর্ট করেছেন অনেকে। দেশের বিভিন্ন স্থানেও রোববার বেশ কিছু বিডিআর জওয়ান ব্যাটালিয়ন দপ্তর ও থানায় রিপোর্ট করেন।
বিডিনিউজ ২৪ ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
নওগাঁ: নওগাঁর ৪৩ ও ৪৬ রাইফেলস ব্যাটালিয়ন দপ্তরে সোমবার দুপুর ২টা পর্যন্ত মোট ৩৪ জন বিডিআর জওয়ান রিপোর্ট করেছেন। এর মধ্যে রোববার দুটি ব্যাটালিয়নে দপ্তরে ২৫ জন এবং মহাদেবপুর থানায় একজন রিপোর্ট করেন। সোমবার দুটি ব্যাটালিয়ন দপ্তরে আরও আটজন রিপোর্ট করেছেন।
নওগাঁর পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন জানান, মহাদেবপুর থানায় একজন, ৪৩ রাইফেল ব্যাটালিয়নে ২১ জন এবং ৪৬ রাইফেল ব্যাটালিয়নে ১২ জন রিপোর্ট করেছেন।
জেলা প্রসাশক মো. আহসান হাবিব তালুকদার জানান, জেলার ১১ বিওপির আওতাধীন ১৭৯ কিলোমিটার সীমান্ত এলাকা সুরক্ষিত রয়েছে। সীমান্ত এলাকায় বিডিআর পাহারা জোরদার করা হয়েছে।
কুড়িগ্রাম: সোমবার কুড়িগ্রাম সদর থানায় আরও আটজন বিডিআর জওয়ান রিপোর্ট করেছেন। এ নিয়ে কুড়িগ্রামে ১২ জন রিপোর্ট করলেন।
কুড়িগ্রাম সদর থানার কর্মকর্তারা জানান, রোববার রাত ও সোমবার সকালে আরও আটজন বিডিআর জওয়ান রিপোর্ট করেছেন। এর আগে রিপোর্ট করেন চারজন।
খুলনা: খুলনা সেক্টর দপ্তরে রোববার ১১ জন এবং সোমবার ৪৫ জন বিডিআর সদস্য রিপোর্ট করেছেন। সেক্টর দপ্তরের উপ সহকারী পরিচালক নজরুল ইসলাম জানান, রোববার বিডিআর'র ১১ সদস্য এবং সোমবার বিডিআর এ কর্মরত ২৩ সেনা কর্মকর্তা ও ২২ বিডিআর জওয়ান রিপোর্ট করেছেন।
এদিকে, খুলনা জেলা প্রশাসক এন এম জিয়াউল আলম জানান, পলাতক বিডিআর সদস্যদের গ্রেপ্তারে সোমবার সন্ধ্যা ৬টা থেকে পুলিশ ও র্যাবের অভিযান শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সেটা জানাননি তিনি।
কিশোরগঞ্জ: সোমবার বিকালে কিশোরগঞ্জ সদর থানায় দুই বিডিআর জওয়ান রিপোর্ট করেছেন। তারা বিডিআর সদর দপ্তর থেকে পালিয়ে এসেছেন বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা। রিপোর্ট করা বিডিআর সদস্যদের ব্যাপারে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
সিলেট: সোমবার বিকেলে পঞ্চগড়ের ২৫ রাইফেলস ব্যাটালিয়নের জওয়ান আজিজুর রহমান সিলেট সেক্টর সদর দপ্তরে রিপোর্ট করেছেন বলে বিডিনিউজ ২৪ ডটকমকে জানিয়েছেন ওই সেক্টরের সহকারী পরিচালক (এডি) মোকসেদ আলী। রোববার ৩২ জন জওয়ান সিলেট কোতয়ালি থানায় রিপোর্ট করেছিলেন।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২২ ঘ.
bdnews24