চট্টগ্রাম, মার্চ ০২(বিডিনিউজ ২৪ ডটকম)---চট্টগ্রামের আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলার আটক দুই আসামি সোমবার মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আটক দুই আসামি হাফিজুর রহমান ও দীন মোহাম্মদ মহানগর হাকিম ওসমান গণির আদালতে প্রায় তিন ঘন্টা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরী জবানবন্দি দেওয়ার বিষয়টি স্বীকার করে বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, এই মামলায় আটক দুইজনকে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদের পর তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন।
মনিরুজ্জামান চৌধুরী জানান, আটককৃতরা জবানবন্দিতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে এ বিষয়ে 'তদন্তের স্বাথের্' তিনি কিছু বলতে রাজি হননি।
আদালত ও সিআইডি সূত্রে জানা গেছে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আসামিরা জবানবন্দি দেন। হাফিজের দশ পৃষ্ঠা এবং দীন মোহাম্মদের দুই পৃষ্ঠা বক্তব্য লিপিবদ্ধ করা হয়। এতে তারা অস্ত্র খালাস ও সরবরাহ সংক্রান্ত বিষয়ে তাদের ভূমিকা নিয়ে তথ্য দিয়েছেন।
জবানবন্দি গ্রহণ শেষে আসামীদের কারাগারে পাঠানো হয়।
গত ২৫ ফেব্র"য়ারি মামলার নতুন তদন্তকারী কর্মকর্তা মনিরুজ্জামান দুই আসামিকে দ্বিতীয় দফা চারদিনের রিমান্ডে নেন। এর আগে ১৫ ফেব্র"য়ারি তাদের প্রথম দফায় পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয়।
গত ১৮ জানুয়ারি আদালত আলোচিত এ মামলার অধিকতর তদন্তের জন্য আইও পরিবর্তনের আদেশ দেয়। এর পরিপ্রেক্ষিতে সিআইডির সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরীকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
২০০৪ সালের ২ এপ্রিল পুলিশ মধ্যরাতে কর্ণফুলী নদীর চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার (সিউএফএল) ঘাটে ট্রলার থেকে খালাসকালে দশ ট্রাক অস্ত্র আটক করে। অত্যাধুনিক অস্ত্রের এ বিরাট চালানটি নিয়ে তখন দেশব্যাপী ব্যাপক আলোচনা হয়।
অস্ত্র উদ্ধারের পর সেদিন রাতে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাদুর রহমান বাদি হয়ে দুটি পৃথক মামলা দায়ের করেন।
২০০৬ সালের ১৭ জানুয়ারি থেকে এ মামলা দুটির বিচার কাজ শুরু হয়।
আদালত সূত্রে জানা গেছে, প্রথমে মামলার বাদি আহাদুর রহমান, পরবর্তীতে সহকারী পুলিশ কমিশনার একেএম কবির উদ্দিন এবং সবশেষে সহকারী পুলিশ কমিশনার মীর নওশের আলী এ মামলার তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত হন।
২০০৪ সালের ২৫ আগস্ট অস্ত্র মামলায় ৪৩ জনকে এবং চোরাচালান মামলায় ৪৪ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল এবং ২০০৫ সালের ২৩ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
বিডিনিউজ ২৪ ডটকম/এমসি/আরএআর/এসকে/২১১৯ঘ.
bdnews24