সাতক্ষীরা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পরিবহন খাতে চাঁদাবাজির খবর প্রকাশিত হওয়ায় সাতক্ষীরায় এক সাংবাদিককে জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার সন্ধায় দৈনিক যুগান্তর-এর সাতক্ষীরা প্রতিনিধি সুভাষ চৌধুরীকে এ হুমকি দেন জেলা শ্রমিক লীগ সভাপতি সাইফুল করিম সাবু।
এ ব্যাপারে সুভাষ চৌধুরী সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
সাতক্ষীরা প্রেসক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার (২০ মার্চ) দৈনিক যুগান্তরে 'সাতক্ষীরা পরিবহন সেক্টরে চাঁদাবাজি' শীর্ষক একটি খবর প্রকাশিত হয়। এ কারণে ওইদিন সন্ধ্যা ৬টা ৫০মিনিটে সাতক্ষীরা জেলা শ্রমিক লীগ সভাপতি সাইফুল করিম সাবু তার মোবাইল ফোন (০১৭১১৩১০১২৪) থেকে সুভাষ চৌধুরীকে জীবননাশের হুমকি দেন।
বিজ্ঞপ্তিতে সাংবাদিক নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করে সুভাষ চৌধুরীর নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ কবির জানান, "আমরা বিষয়টা তদন্ত করে দেখছি। ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
এ ব্যাপারে সাইফুল করিম সাবু বলেন, "আমি সুভাষ চৌধুরীকে ফোন করেছি। কিন্তু কোনো হুমকি দিইনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/১১৫৬ ঘ.
bdnews24