ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী ২০০৯-১০ অর্থ বছরের বাজেটে কম সুদে পাঁচ বছর মেয়াদী বন্ড ছাড়ার মাধ্যমে কালো টাকা সাদা করার প্রস্তাব করেছেন সাবেক অর্থ মন্ত্রী ও তত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টারা।
শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে এক মতবিনিময় সভায় তারা এ প্রস্তাব দিয়েছেন বলে বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান।
অর্থমন্ত্রী বলেন, "আগামী বাজেটে কালো টাকা (অপ্রদর্শিত আয়) সাদা করার বিষয়টি বিবেচনা করা হবে বলে আমি আগেও জানিয়েছিলাম। আজকের মতবিনিময় সভায় সাবেক অর্থমন্ত্রী ও অর্থ উপদেষ্টারা কম সুদে পাঁচ বছর মেয়াদী বন্ড ছাড়ার মাধ্যমে কালো টাকা সাদা করার প্রস্তাব করেছেন। তাদের এ প্রস্তাব ইন্টারেস্টিং।"
নতুন বাজেট প্রণয়নের ক্ষেত্রে তাদের এ প্রস্তাব বিবেচনায় আনা যেতে পারে বলে মত দেন মন্ত্রী।
মুহিত জানান, সাবেক অর্থমন্ত্রী ও অর্থ উপদেষ্টারা রাজস্ব আদায় করার ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করার পরামর্শ দিয়েছেন।
অর্থমন্ত্রী বলেন, তিনি অর্থ সচিব, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রস্তাবগুলো 'নোট নিতে' বলেছেন।
মুহিত বলেন, নতুন বাজেট প্রণয়নে এসব প্রস্তাব যথেষ্ট সহায়তা করবে বলে তিনি মনে করেন।
বৈঠকে সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা আকবর আলি খান ও এ বি মির্জা আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি।
সাবেক কয়েকজন অর্থসচিবও বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/ডিডি/এসকে/২৩৫৯ঘ.
bdnews24