ঢাকা মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে শনিবার পৃথক চারটি অগ্নিকাণ্ড ঘটেছে যার একটিতে দুই মহিলা শ্রমিকের মৃত্যু হয়েছে।
আগুনে কয়েকটি দোকান ও একটি গুদাম পুড়ে গেছে। এছাড়া একটি গাড়ি যান্ত্রিক ত্র"টির কারণে পুড়ে যায়।
সব চেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে জুরাইনে একটি কারখানায়। এতেই ওই দুই মহিলা শ্রমিকের মৃত্যু ঘটে।
আগুন লাগার পর রিমা (২২) এবং মেরী (২১) নামের এই দুই শ্রমিক বাথরুমে আশ্রয় নেন। কিন্তু আগুন সেখানেও ছড়িয়ে পড়ে।
শনিবার প্রায় ১৯ ঘন্টার ব্যবধানে রাজধানীতে পৃথক ৫ টি অগ্নিকাণ্ড ঘটে। এতে একটি মার্কেটের বেশ কয়েকটি দোকান, একটি পারফিউম তৈরির উপকরণের গুদাম ও একটি প্রাইভেটকার পুড়ে গেছে।
কদমতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে জুরাইন কুদার বাজারে লোনা ইউনাইটেড কোম্পানি নামের একটি ছোট কারখানায় আগুন লাগে। প্রায় পৌনে এক ঘন্টা চেষ্টার পর দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ক্ষুদ্র এ কারখানাটিতে তুলা দিয়ে হাসপাতালে ব্যবহারের ব্যান্ডেজ, গজ তৈরি করা হয়ে থাকে।
ঘটনার সময় কারখানায় মোট ৬/৭ জন মহিলা শ্রমিক কাজ করছিলেন। ওসি জানান, বিদ্যুৎ চলে যাওয়ায় তারা মোমবাতি জ্বালিয়ে কাজ করছিলেন। মোমবাতি থেকে তুলাতে আগুন লাগে এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে।
পুলিশ কর্মকর্তা বলেন, এ অবস্থায় সবাই কারখানা থেকে বেরিয়ে পড়লেও আগুন থেকে নিজেকে রক্ষার জন্য দু'জন বাথরুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়।
তিনি বলেন, দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনার পর বাথরুম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
এর আগে দুপুরে মীরপুর মুক্তিযোদ্ধা মার্কেটের নিচ তলায় আগুন লেগে স্বর্ণ ও কাপড়সহ প্রায় ৭/৮ টি দোকান পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে দমকল বাহিনী প্রাথমিকভাবে জানান।
দুপুর একটার দিকে কোম্পানি ঘাটের ৪৮/৩ ভাগলপুর লেনে নুর ইসলাম পারভেজের গুদামে আগুন লাগে। পারভেজ বলেছেন গুদামটিতে পারফিউম তৈরি প্রায় ৮০ লাখ টাকার সরঞ্জাম ছিল।
দুপুর সোয়া ২ টার দিকে যান্ত্রিক ত্র"টির জন্য শাহবাগ মোড়ে একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ-১৭-১৮০১) আগুন লাগে। দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ১৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে শুক্রবার রাত ১টার দিকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে আগুন লেগে বেশ কয়েকটি দোকান এবং ঘর পুড়ে যায়। দমকল কর্মী এবং স্থানীয় লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/টিআর/এসকে/২৩৫৪ঘ.
bdnews24