২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেশন কমানোর প্রতিবাদে মৌলভীবাজারে চা শ্রমিকদের কর্মবিরতি

রেশন কমানোর প্রতিবাদে শনিবার মৌলভীবাজারের জুড়ী উপজেলার শিলুয়া চা বাগানের শ্রমিকরা কর্মবিরতি পালন করেছেন। এ সময় তারা বাগানের ব্যবস্থাপকের কার্যালয় চার ঘণ্টা অবরোধ করে রাখেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2009, 03:58 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

মৌলভীবাজার, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রেশন কমানোর প্রতিবাদে শনিবার মৌলভীবাজারের জুড়ী উপজেলার শিলুয়া চা বাগানের শ্রমিকরা কর্মবিরতি পালন করেছেন। এ সময় তারা বাগানের ব্যবস্থাপকের কার্যালয় চার ঘণ্টা অবরোধ করে রাখেন। বাগান কর্তৃপক্ষ, স্থানীয় জন প্রতিনিধি এবং চা শ্রমিক ইউনিয়নের নেতাদের এক সমঝোতা বৈঠকে বিষয়টি সমাধানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুপুরের পর শ্রমিকরা কাজে যোগ দেন। চা বাগান শ্রমিক পঞ্চায়েত সভাপতি উপানন্দ বাউরি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকজন শ্রমিকের সাপ্তাহিক রেশন হিসেবে পাওয়া আটার পরিমাণ গত শুক্রবার (২০ মার্চ) হঠাৎ কমিয়ে দেওয়া হয়। এর প্রতিবাদে শনিবার শ্রমিকরা কর্মবিরতি পালনসহ সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যবস্থাপকের কার্যালয় ঘেরাও করে রাখে। উপানন্দ বাউরি বলেন, রেশন কমানোয় দরিদ্র শ্রমিকেরা বউ-বাচ্চার মুখে ভালমতো খাবার তুলে দিতে পারছে না। শ্রকিদের কর্মবিরতির খবর পেয়ে দুপুরে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আজির উদ্দিন আহমদ, স্থানীয় গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমন এবং জুড়ী ভ্যালি শ্রমিক ইউনিয়ন সভাপতি মুরলীধর গোয়ালা শিলুয়া চা বাগানে যান। তারা সেখানে বাগান কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে শাহাব উদ্দিন আহমদ লেমন জানান, কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন। শিলুয়া চা বাগানের ব্যবস্থাপক মো. ইফতেখার এনাম বলেন, "১৯৬৬ সালে বাংলাদেশ চা এসোসিয়েশন (বিটিএ) ও চা শ্রমিক ইউনিয়নের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী প্রত্যেক চা শ্রমিক এক শতক ফসলি জমি থেকে তিন দশমিক তিন কেজি শস্য পান। রেশন দেওয়ার সময় সেটা হিসাব করে বাদ দিতে হয়। আমরা এ সিদ্ধান্ত পর্যায়ক্রমে বাস্তবায়ন করছি। তাতেই এ সমস্যার সৃষ্টি হয়েছে।" রেশনের জন্য প্রতি সপ্তাহে বাগানকে সাড়ে পাঁচ টন আটা বা চাল ভর্তুকি দিতে হয় বলেও তিনি দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫৬ ঘ.