২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘন কুয়াশায় মাওয়া-কাওড়াকান্দি ফেরি চার ঘণ্টা বন্ধ

ঘন কুয়াশার কারণে শনিবার ভোররাত ৪টা থেকে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2009, 01:56 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

মুন্সীগঞ্জ, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘন কুয়াশার কারণে শনিবার ভোররাত ৪টা থেকে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় পদ্মা নদীবক্ষে যানবাহন ও যাত্রীসহ আটকা পড়ে চারটি ফেরি। মাওয়া ও কাওড়াকান্দি ঘাটে সৃষ্টি হয় তীব্র যানজট। এ সময় মাওয়া ঘাটে আটকা পড়েন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। সকাল ৮টার দিকে কুয়াশা কেটে যাওয়ার পর ফেরি চলাচল আবার স্বাভাবিক হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা-বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আশিকুজ্জামান। তিনি বলেন, "শনিবার ভোররাত ৪টার দিকে হঠাৎ পদ্মা অববাহিকায় ঘন কুয়াশা নেমে আসে। চালকরা দিক নির্ণয় করতে পারছিলেন না। তাই বাধ্য হয়েই ফেরি বন্ধ করে দেওয়া হয়।" বিআইডব্লিউটিসি কর্মকর্তা জানান, যানবাহন নিয়ে নদীপক্ষে আটকা পড়ে রানীক্ষেত, লেন্টিং, রায়পুরা ও থোবাল নামের ফেরিগুলো। সকাল ৮ টার দিকে কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়। তিনি জানান, দক্ষিণাঞ্চলে যাওয়ার পথে সকাল ৭টার দিকে বাণিজ্যমন্ত্রীকে বহনকারী গাড়ি মাওয়া ঘাটে এসে আটকা পড়ে। ফেরি চলাচল শুরু হলে তিনি কাওড়াকান্দির উদ্দেশ্যে রওনা হয়ে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৭ ঘ.