২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে জঙ্গি সন্দেহে একজন আটক

বান্দরবান সদর উপজেলার নীলগিরি রির্সোট এলাকায় শুক্রবার রাতে জঙ্গি সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। কামাল মিঞা (৩০) নামের এ ব্যক্তিকে সেনা সদস্যরা আটক করার পর শনিবার পুলিশে সোপর্দ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2009, 01:38 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

বান্দরবান, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবান সদর উপজেলার নীলগিরি রির্সোট এলাকায় শুক্রবার রাতে জঙ্গি সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। কামাল মিঞা (৩০) নামের এ ব্যক্তিকে সেনা সদস্যরা আটক করার পর শনিবার পুলিশে সোপর্দ করে। সুনামগঞ্জ জেলার আলীনগরের সিরাজ মিঞার ছেলে কামাল মানসিক রোগী বলে তার পরিবার পুলিশকে জানিয়েছে। পুলিশে দেওয়ার আগে আগে তাকে সেনাবাহিনীর বান্দরবান সদর জোনে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। কথাবার্তায় অসংগতির কারণে প্রাথমিকভাবে তাকে জঙ্গি সংগঠন জেএমবি'র সদস্য বলে সেনা সদস্যরা সন্দেহ করেন। বান্দরবান সদর জোনের মেজর খালেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নীলগিরি রির্সোট এলাকায় শুক্রবার রাত ৮টার দিক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় সেনা সদস্যরা কামালকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাকে জঙ্গি বলে মনে হয়েছিল। বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে কামালের কথাবার্তায় অসংগতি পাওয়া গেছে। তার দেওয়া মোবাইল ফোন নম্বরে বাড়িতে যোগাযোগ করা হয়েছে। তার আত্মীয়-স্বজন বান্দরবান আসছেন। তারা এলে সঠিক তথ্য পাওয়া যাবে। তবে মোবাইল ফোনে অভিভাবকরা কামালকে মানসিক রোগী বলে দাবি করেছেন। তাকে এখনও গ্রেপ্তার না দেখিয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলেও তিনি জানান। সেনাবাহিনীর দেওয়া তথ্যমতে, এ এলাকায় একটি সেনা ক্যাম্প এবং সেনাবাহিনীর একটি রিসোর্ট সেন্টার রয়েছে। এখানে বিভিন্ন সময় রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা, সেনা প্রধানসহ সামরিক-বেসামরিক উর্ধতন কর্মকর্তারা অবস্থান করে গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৩৮ ঘ.