ঢাকা মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাখালীর বেলতলায় অস্ত্রধারীদের গুলিতে মোঃ করিম (৩০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ী নিহত হয়েছেন।
এ সময় করিমের সঙ্গে থাকা দুই বন্ধু বাহার আলী (৩৫) ও ইউসুফ আলী (৩০) গুলিবিদ্ধ হন।
নিহতের বাবা শরীফ উদ্দিন বলেন "বিকাল সাড়ে ৫টায় পিএনপি স্কুলের পাশে বেলতলায় একটি ভাঙ্গারি দোকানে কয়েকজন যুবক এসে এলোপাতাড়ি গুলি করে। দোকানে বসে থাকার সময় করিম গুলিবিদ্ধ হয়।"
শরীফ উদ্দিন জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার করিমকে মৃত ঘোষণা করেন। তার দুই গুলিবিদ্ধ বন্ধুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে এ হামলার কোন কারণ তিনি জানাতে পারেননি।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রেজাউল করিম ঘটনাস্থল থেকে ফোনে বলেন," এখনো হত্যাকাণ্ডের কারণ বোঝা যায়নি। তবে ব্যবসায়িক বিরোধ নিয়ে এ ঘটনা ঘটেছে কিনা, আমরা তা খতিয়ে দেখছি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/১৯১৮ঘ.
bdnews24