গোপালগঞ্জ, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা তদন্তে তাড়াহুড়া করা হবে না আবার বেশি সময়ও নেওয়া হবে না বলে জানিয়েছেন তদন্ত কমিটিগুলোর সমন্বয়ক বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
তিনি বলেন, "তদন্তে বেশি দেরি করলে সঠিক বিচার হবে না। আবার তাড়াহুড়া করলেও প্রকৃত অপরাধীরা পার পেয়ে যেতে পারে। এর মাঝামাঝি সময়ে অবস্থান করেই বিচার প্রক্রিয়া শুরু করতে হবে।"
শনিবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পিংগলীয়া সিদ্দিকিয়া ফাযিল মাদ্রাসা প্রাঙ্গণে 'ফারুক খান বৃত্তি তহবিল'-এর বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, "মার্কিন পুলিশ সংস্থা এফবিআই-এর সহযোগিতায় আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে তদন্ত কমিটি কাজ করে যাচ্ছে। গ্রেপ্তারকৃদের কাছ থেকে গুরুত্বপূর্ণ জবানবন্দিও পাওয়া গেছে। এ সুগভীর ষড়যন্ত্রে কোন গোষ্ঠী মদদ ও অর্থ জোগান দিয়েছে কি না সে সংক্রান্ত রিপোর্ট কমিটি দেশ ও জাতির সামনে অচিরেই পেশ করবে।"
বাণিজ্যমন্ত্রী বলেন, "এটি বিদ্রোহ নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। বাংলাদেশকে মেধাশূন্য করতেই মেধাবী সেনা কর্মকর্তাদের নৃশংশভাবে হত্যা করা হয়েছে। বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতেই এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে।"
তিনি আরও বলেন, "বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, দল ও গোষ্ঠীর এ ঘটনায় জড়িত থাকার কিছু প্রমাণ আমরা পেয়েছি। কিন্তু সুস্পষ্ট প্রমাণ না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।"
মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা মো. আব্দুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃিত্ত প্রদান অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ মোল্লা, মো. মোক্তার হোসেন, আবুল হোসেন, মোহাম্মদ আলী খোকন প্রমুখ।
অনুষ্ঠানে মাদ্রাসার ২০ মেধাবী ও গরিব শিক্ষার্থীর হাতে বৃত্তির টাকা তুলে দেন ফারুক খান।
সকালে একই উপজেলার সাজাইল গোপীমহন স্কুল মাঠে এক জনসভায় মন্ত্রী বলেন, "চালসহ জিনিসপত্রের দাম কমেছে। তবে এটাও লক্ষ্য রাখতে হবে চালের দাম যদি ২০ টাকার নিচে নেমে যায় তাহলে কৃষক ভাইদের কষ্ট হবে।"
বিকালে বাণিজ্যমন্ত্রী মুকসুদপুরের বালিয়াকান্দিতে আরেকটি জনসভায় বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০০ ঘ.
bdnews24