২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খরার আশংকা করছেন না আবহাওয়াবিদরা

স্বাভাবিক বৃষ্টি না হলেও দেশে খরার কোনো আশংকা নেই। গত ক'বছর ধরে আবহাওয়ার এমন অবস্থার নজির আছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ এসএম মাহমুদুল হক শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এমন পূর্বাভাসই দিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2009, 11:52 AM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাভাবিক বৃষ্টি না হলেও দেশে খরার কোনো আশংকা নেই। গত ক'বছর ধরে আবহাওয়ার এমন অবস্থার নজির আছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ এসএম মাহমুদুল হক শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এমন পূর্বাভাসই দিলেন। তিনি বলেন, "পাঁচ মাস ধরে স্বাভাবিক বৃষ্টি নেই । বাতাসে আর্দ্রতাও গেছে কমে । বিরাজমান অবস্থায় কৃষিকাজে সেচ বেশি লাগবে। এপ্রিল-মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।" গত নভেম্বর থেকে চলতি মাস পর্যন্ত দেশব্যাপী স্বাভাবিক বৃষ্টি না থাকলেও এটি খরা পরিস্থিতির লক্ষণ নয় বলে মন্তব্য করেন তিনি। সেইসঙ্গে দেশে ভয়াবহ খরা পরিস্থিতি দেখা দেওয়ারও কোনো আশঙ্কা নেই বলে এই আবহাওয়াবিদের ধারণা। আবহাওয়া অধিদপ্তরের হিসেব অনুযায়ী, নভেম্বরে সারাদেশে ৭৭ মিলিমিটার, ডিসেম্বরে ২ মিলিমিটার, জানুয়ারিতে ২ মিলিমিটার, ফেব্র"য়ারিতে ৯০ মিলিমিটিার ও মার্চের ২১ তারিখ পর্যন্ত ৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। যেখানে স্বাভাবিক বৃষ্টপাতের পরিমাণ নভেম্বর থেকে মার্চ পর্যন্ত যথাক্রমে ১৪৪২ মিলিমিটার, ৩২৮ মিলিমিটার, ৩০৮ মিলিমিটার, ৮৬৮ মিলিমিটার ও ১৭৮০ মিলিমিটার। আবহাওয়াবিদ সাদিকুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখন পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে মেঘ না থাকায় ও বাতাস শুষ্ক হওয়ায় মধ্যরাতে তাপমাত্রা হ্রাস পায়। ঝড়-বৃষ্টির সময়ও আসছে আগামী মাস থেকে। দিনের তাপমাত্রাও ১-২ ডিগ্রি বাড়ছে কোথাও কোথাও।" এপ্রিল-জুন সময়ে বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়ে থাকে উল্লেখ করে তিনি বলেন, এপ্রিলে ৪৪২৮ মিলিমিটার, মে মাসে ৯৪৩০ মিলিমিটার, জুনে ১৫৬১৫ মিলিমিটার ও জুলাইয়ে ১৭৭৮৪ মিলিমিটার স্বাভাবিক বৃষ্টিপাত রেকর্ড হয়। আবহাওয়াবিদরা জানান, এখন চৈত্রের প্রথম সপ্তাহ। বৈশাখ আসতে বেশ কদিন বাকী। গ্রীষ্মের খরতাপে এক প্রান্তে বৃষ্টি এলো তো অন্য প্রান্তে ঝলমল রোদ থাকাও স্বাভাবিক। কালবৈশাখীর ওই মৌসুমে কোথাও অস্থায়ী দমকা হাওয়া কিংবা শুকনো পাতায় একটু ধুলোঝড় বয়ে যাবে। কোথাও আবার বাতাসের বেগ কালবৈশাখীতে রূপ নিতে পারে। এরইমধ্যে মেঘের ভেলা যেতে যেতে হালকা বৃষ্টিও স্বাভাবিক ঘটনা। আবহাওয়াবিদ মোসাম্মদ আয়শা খাতুন মার্চ মাসের দীর্ঘ মেয়াদী পূর্বাভাস বিশ্লেষণ করে বলেন, এ মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। উত্তর ও মধ্যাঞ্চলে ২-৩ দিন হালকা থেকে তীব্র কালবৈশাখী ও বজ্রঝড় হতে পারে। তাপমাত্রা ক্রমশ বেড়ে স্বাভাবিক ৩৪-৩৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে। তবে উত্তর-পশ্চিমাঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭-৩৯ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। শনিবার বিকাল চারটা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী বিভাগে ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় ৩৫.১ ডিগ্রি, চট্টগ্রামে ৩২.৫ ডিগ্রি, খুলনায় ৩৪.২ ডিগ্রি, বরিশালে ৩৩.৯ ডিগ্রি ও সিলেটে ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় এবং যশোর, কুষ্টিয়া ও কুমিল্লা অঞ্চলসমূহের উপর দিয়ে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/১৭৪৮ঘ.