২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার সৈকতে বালু ভাস্কর্য উৎসব ও কর্মশালা শুরু

কক্সবাজার সমুদ্র সৈকতে চার দিনব্যাপী বালু ভাস্কর্য কর্মশালা ও উৎসব শনিবার সকালে শুরু হয়েছে। উৎসবে ১৩টি বালু ভাস্কর্য তৈরি করা হবে। মঙ্গলবার পর্যন্ত চলবে ভাস্কর্য নির্মাণের কাজ। ওইদিন দর্শনার্থীদের জন্য ভাস্কর্য উন্মুক্ত করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2009, 11:37 AM

Updated : 26 Aug 2022, 11:13 AM

কক্সবাজার, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজার সমুদ্র সৈকতে চার দিনব্যাপী বালু ভাস্কর্য কর্মশালা ও উৎসব শনিবার সকালে শুরু হয়েছে। উৎসবে ১৩টি বালু ভাস্কর্য তৈরি করা হবে। মঙ্গলবার পর্যন্ত চলবে ভাস্কর্য নির্মাণের কাজ। ওইদিন দর্শনার্থীদের জন্য ভাস্কর্য উন্মুক্ত করা হবে। সৈকতের সুগন্ধা পয়েন্টে শনিবার সকাল ১১টার দিকে কর্মশালার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হামিদুজ্জামান খান। তিনি জানান, বাংলাদেশে এ প্রথম আনুষ্ঠানিকভাবে বালু ভাস্কর্য নির্মাণ কর্মশালা হচ্ছে। কর্মশালা ও উৎসবে ভাস্কর্য বিভাগের ৩৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এদের মধ্যে তিনজন ছাত্রী রয়েছেন। তাদের তত্ত্বাবধানে থাকবেন তিনজন শিক্ষক। বালু ভাস্কর্যের ওপর চীন থেকে প্রশিক্ষণ নিয়ে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের প্রভাষক আতিকুল ইসলাম জানান, ভারত, কানাডা, চীন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ পৃথিবীর বিভিন্ন দেশে বালু ভাস্কর্য নির্মাণ হয়ে থাকে। এছাড়া হল্যাণ্ডে এ বিষয়ে একটি একাডেমিও রয়েছে। কর্মশালা উদ্বোধন করে অধ্যাপক হামিদুজ্জামান খান বলেন, সারাবিশ্বে বর্তমানে ৬০০ বালু ভাস্কর রয়েছেন। এদের মধ্যে কোন বাংলাদেশি নেই। তিনি মনে করেন, কক্সবাজার সমুদ্র সৈকতে আয়োজিত ভাস্কর্য উৎসবের পর বাংলাদেশি বালু ভাস্করদের অনেকের নাম ওই তালিকায় উঠে যাবে। নানা দেশ থেকে আমন্ত্রণ পেতে পারেন তারা। আতিকুল ইসলাম জানান, বালু ভাস্কর্য তৈরিতে তিনটি উপাদানের প্রয়োজন। এগুলো হল- বালু, পানি ও কাঠ। উৎসবের আয়োজন করেছে- বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সৈকতের পরিচ্ছন্নতার দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠান 'গ্রিন ওয়ার্ল্ড'। গ্রিন ওয়ার্ল্ডের চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম হেলাল জানান, ফেব্র"য়ারির পর পর্যটক কম আসে। সৈকতকে সারা বছর পর্যটকদের জন্য আকর্ষণীয় রাখতেই এ আয়োজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩২ ঘ.