পাবনা, ২১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনার বেড়া উপজেলার রাজনারায়নপুর গ্রামে শনিবার সকালে সন্ত্রাসীদের হামলায় অনলাইন সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক প্রদীপ চৌধুরীর মা মায়া রাণী চৌধুরীসহ পাঁচজন আহত হয়েছেন।
আহতদের আরও আছেন- প্রদীপের বোন স্কুল শিক্ষিকা গীতিকা রাণী চৌধুরী, বাবা পার্থ সারথী চৌধুরী। তাদের বেড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সন্ত্রাসীরা তাদের বাড়ি-ঘরও ভাঙচুর করেছে।
পাবনার পুলিশ সুপার জামিল আহমেদ জানান, বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী শ্যামল সেনের সঙ্গে পার্থ সারথী চৌধুরীর পরিবারের বিরোধের জের ধরে সকাল ৭টার দিকে রাজনারায়ণপুর গ্রামের চিহ্নিত সন্ত্রাসী নয়ন ও স্বপনের নেতৃত্বে ৭/৮ জনের একটি দল তাদের বাড়িতে হামলা চালায়।
এ ব্যাপারে বেড়া থানায় একটি মামলা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য বেড়া থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার জামিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭০৫ ঘ.
bdnews24