ঢাকা, ২১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর জেনেভা ক্যাম্পে শুক্রবার রাত ১২ টা ৫০ মিনিটে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে স্থানীয় জনগণ এবং দমকল কর্মীদের প্রচেষ্টায় বাংলাদেশের সর্ববৃহৎ এই বস্তি ভয়াবহ ক্ষয়ক্ষতি থেকে বেঁচে যায়।
আগুনে জেনেভা ক্যাম্পের ১০/১২টি ছোট দোকান ও ৬-৭টি এক-ঘরের বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়েই দমকল বাহিনীর ৮টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
হাজার হাজার আটকে পড়া পাকিস্থানী এই ক্যাম্পে বসবাস করে, যারা বিহারি হিসেবেই সবার কাছে পরিচিত।
ফায়ার সার্ভিস অপারেশনস প্রধান মেজর শাহজালাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক সায়েদুল ইসলাম তালাতকে রাত পৌনে ২ টায় বলেন, "আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।"
স্থানীয় ব্যবসায়ী নুরুল ইসলাম জানান, ৬-৭টি এক রুমের বাড়ি পুড়ে গেছে । বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আজাদ রাত ১টা ২০ মিনিটে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে আমরা এখনো জানতে পারিনি।"
আগুন নেভাতে মিরপুর, মোহাম্মদপুর, তেজগাঁও, লালবাগ ও পলাশীর দমকল ইউনিটগুলোকে ঘটনাস্থলে পাঠানো হয় বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/বিডি/এইচএ/১৫৪৩ঘ.
bdnews24