২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতন্ত্রেই গণমানুষের মুক্তি ছিল তাজউদ্দীনের ভাবনায়

তাজউদ্দীন আহমদের ভাবনার আলোকে বাংলাদেশের উন্নয়ন কৌশলের মূল ভিত্তি ছিল গণতন্ত্রের মাধ্যমে গণমানুষের মুক্তি। ক্ষুধা, দারিদ্র্য, শোষণ, বৈষম্য, অশিক্ষার অন্ধকার থেকে মুক্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2009, 05:39 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

চট্টগ্রাম, মার্চ ২০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-তাজউদ্দীন আহমদের ভাবনার আলোকে বাংলাদেশের উন্নয়ন কৌশলের মূল ভিত্তি ছিল গণতন্ত্রের মাধ্যমে গণমানুষের মুক্তি। ক্ষুধা, দারিদ্র্য, শোষণ, বৈষম্য, অশিক্ষার অন্ধকার থেকে মুক্তি। শুক্রবার বিকেলে চট্টগ্রামের মুসলিম হলে গবেষণামূলক সংগঠন সমাজ সমীক্ষা সংঘ আয়োজিত তাজউদ্দীন আহমদ স্মারক বক্তৃতা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। 'তাজউদ্দীনের ভাবনার আলোকে বাংলাদেশের উন্নয়ন কৌশল' শীর্ষক স্মারক বক্তৃতা দেন অর্থনীতিবিদ ড. আতিউর রহমান। সংগঠনের সভাপতি দেলোয়ার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যারিষ্টার আমীর উল ইসলাম, তত্ত্বাবধায়ক সরাকরের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল, সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, কবি ও সাংবাদিক আবুল মোমেন, তাজ উদ্দীনের কন্যা সিমিন হোসেন রিমি। ব্যারিষ্টার আমীর উল ইসলাম বলেন, গণতন্ত্রের সুদৃঢ় ভিত্তির জন্য প্রয়োজন সঠিক রাজনৈতিক নেতৃত্ব। বর্তমান সময়কালে তাজউদ্দীনের ভাবনা খুবই যৌক্তিক। বহু ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে তাজউদ্দীনের চিন্তা ও কর্মকৌশল কাজে লাগানো দরকার। সুলতানা কামাল বলেন, তাজউদ্দীনের অসাধারণ ব্যক্তিত্ব, মেধা ও নিষ্ঠার কারণে মহান মুক্তিযুদ্ধ অনন্য রূপ লাভ করেছিল। তিনি গভীর অঙ্গীকারের সঙ্গে পালন করেছেন একইসঙ্গে নিজের এবং বঙ্গবন্ধুর অর্পিত দায়িত্ব। তিনি অভিহিত হয়েছেন 'নি:সঙ্গ সারথী' হিসেবে, কারণ তিনি চলেছেন সমাজের আগে আগে। মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, তাজউদ্দীনের সঙ্গে বঙ্গবন্ধুর দূরত্ব সৃষ্টি হওয়াটা জাতির জন্য একটি ট্র্যাজেডি। আর সে ষড়যন্ত্রেরই অংশ ছিল যা শুরু হয় অনেক আগেই এবং পরবর্তীতে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যার মধ্য দিয়ে ঘাতক চক্র দেশকে অনেক পিছিয়ে দেয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাহবুবুল হক চৌধুরী বাবর ও আহমেদ খসরু । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২৩৩১ঘ.