সাতক্ষীরা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুন্দরবনে বাঘের আক্রমণে এক বাওয়ালী নিহত হয়েছেন।
শুক্রবার সকালে সুন্দরবনের কাছিকাটা নামক স্থান থেকে নিহতের ক্ষতবিক্ষত লাশ বন বিভাগের সহায়তায় তার সঙ্গীরা উদ্ধার করে।
নিহত মোকছেদ আলী শেখ (৫০) সাতক্ষীরা শ্যামনগর উপজেলার কাশিমারি গ্রামের হায়াত আলী শেখের ছেলে।
সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন কৈখালি বনবিভাগ এর কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, গত ৫ মার্চ সকালে বুড়িগোয়ালিনি স্টেশন থেকে পাশ নিয়ে মোকছেদ আলীসহ চারজন বাওয়ালী সুন্দরবনের গহীনে গোলপাতা কাটতে যান। শুক্রবার সকালে কাছিকাটা নামক স্থানে পাতা কাটার সময় একটি বাঘ মোখছেদ আলীকে ধরে নিয়ে যায়। পরে বনবিভাগের সহয়তায় সঙ্গীরা তার লাশ উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৫ ঘ.
bdnews24