চট্টগ্রাম, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও প্রশাসনের তৎকালীন কর্মকর্তারা যথাসময়ে হাজির না হওয়ায় এর তদন্ত কাজ ব্যাহত হওয়ার আশংকা দেখা দিয়েছে।
নতুন করে এ মামলার তদন্তের দায়িত্ব নেওয়ার পর সিআইডি, চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় থেকে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল), গোয়েন্দা সংস্থা 'এনএসআই', পুলিশ ও কোস্ট গার্ড সদস্যদের চিঠি দিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও অনেকেই এতে সাড়া দেননি।
সিআইডি কর্মকর্তারা জানান, এতে করে মামলার ধারাবাহিক প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এবং এ কারণে আাদলত থেকে বেধে দেয়া সময়ে তদন্ত কাজ শেষ করা যাবে কি না তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।
আগামী ১৩ মে'র মধ্যে এ মামলার তদন্ত কাজ সম্পন্ন করার জন্য আাদলতের নির্দেশ রয়েছে।
সর্বশেষ গত বৃহস্পতিবার ২০০৪ সালে অস্ত্র খালাসের সময় গোয়েন্দা সংস্থা এনএসআই'র তৎকালীন সহকারী পরিচালক মোহাম্মদ আলী চৌধুরীকে সিআইডি কার্যালয়ে হাজির হওয়ার জন্য দ্বিতীয় দফা চিঠি দেওয়া হয়েছে। এছাড়া ওইসময় কোস্ট গার্ডে কর্মরত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চেয়ে চিঠি দেওয়া হলেও এখনো পর্যন্ত তার উত্তর মেলেনি।
এ প্রসঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) সিআইডি'র সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্তের স্বার্থে পূর্বে গ্রেপ্তারকৃত দুই আসামি হাফিজ ও দীন মোহাম্মদের দেওয়া জবানবন্দির ভিত্তিতে গোয়েন্দা কর্মকর্তা, সিইউএএফএল, পুলিশ ও কোস্ট গার্ডের তৎকালীন কর্মকর্তা ও সদস্যদের জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয় এবং চিঠি দেয়া হয়।
এর প্রেক্ষিতে মোহাম্মদ আলী চৌধুরীকে (বর্তমানে ঢাকায় এনএসআই এর সহকারী পরিচালক হিসেবে কর্মরত) জিজ্ঞাসাবাদের জন্য গত সোমবার প্রথম দফা চিঠি পাঠানো হয় বলে তিনি জানান।
হাজির না হওয়ায় মঙ্গলবার সিআইডি পুনরায় চিঠি ইস্যু করেছে বলে তিনি জানান।
কেন হাজির হয়নি জানতে চাইলে আইও জানান, চিঠির বিষয়টি তিনি অবগত হলেও যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে না দেওয়ায় তিনি হাজির হননি বলে জানিয়েছেন।
এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন এখনো না মেলায় কোস্ট গার্ড সদস্যদের জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না বলে সিআইডি'র কয়েকটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
তদন্তের সঙ্গে সংস্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক সিআইডি'র কয়েকজন কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসা প্রতিষ্ঠান বা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা না গেলে নির্ধারিত সময়ে তদন্ত শেষ করা সম্ভব নাও হতে পারে।
তবে আইও মনিরুজ্জামান এ মামলার তদন্ত বহুদূর এগিয়েছে দাবি করে আদালতের বেঁেধ দেয়া সময়ের মধ্যে কাজ শেষ করার ব্যাপারে আশা প্রকাশ করেন।
এ বছরের ১৮ জানুয়ারি দশ ট্রাক অস্ত্র আটক মামলার অধিকতর তদন্তের জন্য আদালত আইও পরিবর্তনের আদেশ দেয়। এর প্রেক্ষিতে সিআইডির সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরীকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
মনিরুজ্জামান নতুন করে মামলাটির দায়িত্বভার নেওয়ার পর গ্রেপ্তারকৃত দুই আসামি হাফিজুর রহমান ও দীন মোহাম্মদকে দুই দফায় রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।
গত ২ মার্চ এই দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তারা জবানবন্দিতে বলেন, "সিইউএফএল ও কোস্টগার্ডের প্রত্যক্ষ সহযোগিতায় তারা অস্ত্র খালাস করেছে। ২০০৪ সালের ১ এপ্রিল রাতে অস্ত্র খালাসের জন্য ট্রাক ও ক্রেন নিয়ে ওই জেটিতে যাওয়ার পরপরই গেট খুলে দেয়া হয়।"
এছাড়া জবানবন্দিতে অস্ত্র খালাসের বিষয়টি এনএসআই, ডিজিএফআই'সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের অবহিত থাকার বিষয়টিও উল্লেখ করেন তারা।
এর প্রেক্ষিতে গত ৯ মার্চ সিইউএফএল এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহসিন তালুকদার, জিএম (প্রশাসন) এনামুল হকসহ সাবেক পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। চারদিন জিজ্ঞাসাবাদ শেষে মোহসিন তালুকদার ও এনামুল হককে সিআইডি গ্রেপ্তার দেখায়। এ পাঁচ কর্মকর্তার মধ্যে তৎকালীন সহকারী নিরাপত্তা কর্মকর্তা মোমিন খান সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন।
সর্বশেষ বৃহস্পতিবার থেকে এ দুই সাবেক কর্মকর্তাকে তিনদিনের রিমান্ডে এনে জেরা শুরু করে সিআইডি।
এছাড়া অস্ত্র খালাসের সময়ে কর্ণফুলী থানায় দায়িত্বরত পুলিশ সার্জেন্ট আলাউদ্দিন ও হেলালসহ তিন পুলিশ সদস্যকেও সিআইডি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
কর্ণফুলী নদী তীরবর্তী চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার (সিইউএফএল) ঘাটে ২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে ট্রলার থেকে অস্ত্র খালাসকালে পুলিশ দশ ট্রাক অস্ত্র আটক করে।
অত্যাধুনিক অস্ত্রের এ বিশাল চালানটি নিয়ে তখন দেশব্যাপী তোলপাড় শুরু হয়। অস্ত্র উদ্ধারের পর সেদিন রাতে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাদুর রহমান বাদি হয়ে দুটি পৃথক মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/১৬১০ঘ.
bdnews24