ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্য মন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধ্যাদেশ, ২০০৮ চলতি সংসদ অধিবেশনেই সংশোধিত আকারে পাস করা হবে। ভোক্তা অধিকার নিয়ে কাজ করছে এমন সংগঠনগুলোর সুপারিশও এতে সংযুক্ত করা হবে।
তিনি বলেন, অধ্যাদেশটি পাস হওয়ার পরও এর কপি মন্ত্রণালয়ের ওয়েব-সাইটে থাকবে। সংশ্লিষ্টদের কাছ থেকে এজন্য প্রয়োজনীয় সুপারিশ নেওয়া হবে। প্রয়োজন হলে আগামী ছয়মাস পর আবারো আইনে সংশোধনী আনা হবে।
'ভোক্তা অধিকার সংরক্ষণ অধ্যাদেশ, ২০০৮: আমাদের করণীয়' শীর্ষক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এ সভার আয়োজন করে।
ক্যাব সভাপতি বোরহান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিগত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, নিউজ টুডে'র সম্পাদক রিয়াজউদ্দিন আহম্মেদ, অর্থনীতিবিদ আতিউর রহমান ও ক্যাব সাধারণ সম্পাদক কাজী ফারুক বক্তব্য রাখেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহ আজম শান্তনু সভা পরিচালনা করেন।
ফারুক খান বলেন, এই আইনটি দেশ ও জনগণের স্বার্থ রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে ভোক্তা স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড চিহ্নিত করা হয়েছে।
ভোক্তারা সরাসরি আইন-লংঘনকারীদের বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন বলে জানিয়ে তিনি বলেন, এতে আইন লংঘনের শাস্তিও নির্ধারণ করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রী বলেন, প্রস্তাবিত আইনে ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ গঠনের প্রস্তাব করা হয়েছে। এতে মোট ২৫ সদস্য রাখার প্রস্তাব করা হলেও এর সংখ্যা আরো পাঁচজন বাড়ানো যেতে পারে বলে উল্লেখ করে তিনি বলেন, এতে কৃষক, শ্রমিক, শিক্ষক ও ছাত্র সমাজের প্রতিনিধিদের রাখা যেতে পারে। এ পরিষদ দু'বছরের জন্য গঠনের প্রস্তাব করা হলেও এটি তিন বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে।
পরিষদ প্রতি দুই মাস পরপর বৈঠকে বসবে বলে তিনি জানান।
তিনি বলেন, এতে সর্বোচ্চ শাস্তি এক থেকে দুই বছর কারাদণ্ড এবং জরিমানা এক লাখ টাকা থেকে তিন লাখ করা হয়েছে।
এই দণ্ড আরো বাড়ানো যেতে পারে বলে জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে সংসদীয় কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ক্যাবের সভার প্রস্তাবগুলোও ওই সভায় আলোচনা করা হবে।
রাশেদা কে চৌধুরী বলেন, প্রস্তাবিত আইনে অনেকের অধিকারের বিষয়টি স্পষ্ট হয়নি। আইনে এ বিষয়টি স্পষ্ট হওয়া দরকার।
তিনি বলেন, শুধু আইন করলেই হবে না, এর বাস্তবায়নও জরুরি। আবার আইনের অপপ্রয়োগও রোধ করতে হবে। নইলে এটা সাধারণ মানুষের জন্য দুর্ভোগ বয়ে আনবে।
ভোক্তা অধিকার রক্ষায় আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ও বজায় রাখতে হবে বলে জানিয়ে তিনি বলেন, আমদানি সংক্রান্ত চুক্তির সঙ্গেও এ আইনের বিধিগুলো যুক্ত করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএনএস/টিআর/২৩৫৯ ঘ.
bdnews24