২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বসুন্ধরা কর্তৃপক্ষের গাফিলতিতেই আগুন ছড়িয়ে পড়ে'

বসুন্ধরা কর্তৃপক্ষের গাফিলতির কারণে বসুন্ধরা সিটি টাওয়ারে আগুন বিস্তৃতি লাভ করে বলে জানিয়েছেন ঘটনা তদন্তে সরকার গঠিত তদন্ত কমিটির প্রধান যুগ্মসচিব (পুলিশ) ইকবাল হোসেন চৌধুরি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2009, 03:07 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বসুন্ধরা কর্তৃপক্ষের গাফিলতির কারণে বসুন্ধরা সিটি টাওয়ারে আগুন বিস্তৃতি লাভ করে বলে জানিয়েছেন ঘটনা তদন্তে সরকার গঠিত তদন্ত কমিটির প্রধান যুগ্মসচিব (পুলিশ) ইকবাল হোসেন চৌধুরি। বুধবার দুপুরে বসুন্ধরা ভবনের বেজমেন্টে বিভিন্ন জনের কাছ থেকে তথ্য সংগ্রহের পর তদন্ত কমিটি প্রধান সাংবাদিকদের এ কথা বলেন। এসময় কমিটির অন্য দুই সদস্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক মেজর মতিউর রহমান এবং ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও অঞ্চলের উপ কমিশনার (ডিসি) মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন। গত শুক্রবার দুপুরে ভয়াবহ আগুনে পুড়ে যায় বসুন্ধরা সিটি টাওয়ারের ওপরের সাতটি তলা। ইে ঘটনায় মৃত্যু হয় সাতজনের। এরপর সরকার ঘটনার দিনই যুগ্মসচিবকে (পুলিশ) প্রধান করে তিন সদস্যে একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে রির্পোট জমা দিতে বলা হয়েছে। ইকবাল হোসেন চৌধুরি বলেন, "বসুন্ধরা কর্তৃপক্ষের গাফিলতির কারণেই আগুন বিস্তৃতি লাভ করে। বসুন্ধরার পর্যাপ্ত জনবল থাকলেও তাদের প্রশিক্ষণের অভাব রয়েছে। এছাড়া আগুন নেভানোর যন্ত্রপাতি থাকলেও সুনির্দিষ্টভাবে ব্যাবহারের ক্ষেত্রে প্রশিক্ষিত লোকের অভাব রয়েছে। আর এসব কারণেই মৃত্যুর মতো ঘটনা ঘটেছে।" তিনি বলেন, "৭৯ বার ফায়ার এ্যালার্ম বাজার পর বসুন্ধরার লোকজন বিষয়টিতে গুরুত্ব দিয়েছে। তাদের ভবনের পানি সরবরাহ লাইনও কার্যকর ছিল না।" তিনি বলেন, "তবে এটা নিশ্চিত যে ১৮ তলা থেকে আগুন লেগেছিল।" এদিকে তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বসুন্ধরা কর্তৃপক্ষ নিজেদের মতো ভেতরের সাজসজ্জা পরিবর্তন করার কারণে এ ভবনে বিশ্বমানের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা থাকলেও শেষপর্যন্ত তা আর বহাল থাকেনি। ঘটনার সময় জরুরি নির্গমন সিঁড়িতে কলাপসিবল গেটে তালা লাগানো ছিল এবং ফায়ারম্যান লিফটের সুইচ বন্ধ ছিল। সূত্র জানায়, আগুন নেভানোর দায়িত্বে থাকা কর্মচারিদের অনেকেই আগুন লাগার পরপরই কোনো কাজ না করে ভবনের ওপরের তলায় উঠে যান। এদেরকে পরে হেলিকপ্টারে করে এবং বিভিন্ন উপায়ে উদ্ধার করা হয়। অভিযোগ উঠেছে, যে ১৮ তলা থেকে আগুনের সূত্রপাত হয় সেই তলায় ঘূর্ণায়মান রেস্তোরা থাকার কথা। কর্র্তৃপক্ষ মেঝেতে কাঠের ফ্রেম বানিয়ে উঁচু করে কর্পোরেট অফিস স্থাপন করেন। এছাড়া নকশা পরিবর্তন করার কারণে আগুন নেভানোর ব্যবস্থাটি কাঁচ দিয়ে ঘেরা অংশের ভেতরে পড়ে যাওয়ায় সেটি ব্যবহার করা সম্ভব হয়নি। তবে বসুন্ধরা সিটির মহাব্যবস্থাপক (প্রশাসন) মেজর (অব:) কামরুল মেহেদী বলেন," আমাদের লোকজন প্রশিক্ষিত। নৌবাহিনী ও দমকল বাহিনীর অবসরে যাওয়া সদস্যদের নিয়েই বসুন্ধরার নিজস্ব দমকল গড়ে তোলা হয়েছিল। "তারা আপ্রাণ চেষ্টা করায় আগুন বেশীদুর ছড়াতে পারেনি। তাছাড়া কার্পেটসহ ভবনের বেশীরভাগ সামগ্রী সিনথেটিকের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। আর মূল নকশা মেনেই সব কাজ করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এইচএ/২৩১৫ঘ.