২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ১৩ সেনা কর্মকর্তার পরিবারকে প্রধানমন্ত্রীর অর্থসাহায্য

বিডিআরের ঘটনায় নিহত আরও ১৩ সেনা কর্মকর্তার পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০ লাখ টাকা করে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2009, 02:11 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআরের ঘটনায় নিহত আরও ১৩ সেনা কর্মকর্তার পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০ লাখ টাকা করে দেওয়া হয়েছে। বুধবার দুই দফায় পররাষ্টমন্ত্রী দীপু মনি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাছান মাহমুদ নিহতদের পরিবারের সদস্যদের কাছে তাদের বাসায় গিয়ে এই অর্থ সাহায্য তুলে দেন। একইসময় তাদের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তাও হস্তান্তর করেন এই দুই মন্ত্রী। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। নিহত কর্নেল মো. আনিস-উজ-জামানের স্ত্রী নাজমা জামান (ধানমণ্ডি), কর্নেল মোহাম্মদ মসীউর রহমানের স্ত্রী জুবাইদা বেগম (ঢাকা ক্যান্টনমেন্ট), কর্নেল কুদরত ইলাহী রহমান শফিকের স্ত্রী লবী রহমান (গুলশান), কর্নেল মো. আখতার হোসেনের স্ত্রী হোসনে আরা বেগম (রীমা) (ইব্রাহিমপুর) পররাষ্ট্রমন্ত্রীর হাত থেকে ১০ লাখ টাকার চেক ও শোকবার্তা গ্রহণ করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাছান মাহমুদ নিহত মেজর মাহমুদ হাসানের স্ত্রী সোনিয়া হাসান (উত্তরা), মেজর মোহাম্মদ সালেহ এর স্ত্রী নাসরিন আহমেদ রুমা (বারিধার), মেজর মোশতাক মাহমুদের স্ত্রী শাহপার খান শম্পা (বনানী) ও মেজর কাজী আশরাফ হোসেনের স্ত্রী নাদেজদা জেরিন চৌধুরীর (জিগাতলা) হাতে অর্থ সাহায্য ও শোকবার্তা তুলে দেন। এছাড়া নিহত কর্নেল রেজাউল কবীর, কর্নেল নাফিজ উদ্দিন আহমেদ, কর্নেল কাজী এমদাদুল হক, কর্নেল বি এম জাহিদ হোসেন ও মেজর মোস্তফা আসাদুজ্জামানের পরিবারের সদস্যদেরও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক ডা. বায়োজিদ খুরশীদ রিয়াজ, শেখ সাহানা আবদুল্লাহ ও প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব নকিবউদ্দিন আহমেদ নিহতদের পরিবারের সদস্যদের হাতে এ অর্থ সাহায্য এবং শোকবার্তা হস্তান্তর করেন। এর আগে মঙ্গলবার ২৫-২৬ ফেব্র"য়ারি বিডিআর সদরদপ্তরে নিহত চার সেনা কর্মকর্তার পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ সাহায্য দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসইউএম/এইচএ/২০৫০ ঘ.