ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুকনো মৌসুমে পানির সহজলভ্যতা নিশ্চিত করতে নেপালে একটি বিশেষ জলাধার নির্মাণে বাংলাদেশ, ভারত ও নেপাল রাজি হয়েছে।
পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন মঙ্গলবার জার্মান বেতার ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাতকারে এ তথ্য জানান।
রশেম চন্দ্র সেন জার্মান বেতারকে জানিয়েছেন, যৌথ নদী কমিশনের আগামী সভায় এ বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে। এর আগেই নেপাল জানিয়েছিল এ জলাধার নির্মাণ ও ব্যবহার করতে দিতে তারা রাজি আছে। কেবল ভারতের সম্পতির অপেক্ষা ছিল।
পানিসম্পদ মন্ত্রী জানান, তিন দেশ মিলে এ জলাধার বা পানি সংরক্ষণাগার তৈরি করা হবে। এর মাধ্যমে বাংলাদেশ ও ভারত উপকৃত হবে।
তিনি বিস্তারিত তথ্য প্রকাশ না করে বলেন, যৌথ নদী কমিশনের সভায় আলোচনার পরই সব প্রকাশ করা হবে।
তিনি জানান, এ বিষয়ে তিনি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে কথা বলে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
মন্ত্রী বলেন, দেশের শুকিয়ে যাওয়া নদীর জীবন ফিরিয়ে আনতেই এ সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া বাংলাদেশ আগামী দু' বছরের মধ্যে গঙ্গা ব্যারেজ তৈরির সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করবে। এরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্পের উদ্বোধন করবেন।
যৌথ নদী কমিশনের সভায় ভারতের সঙ্গে গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ বৃদ্ধির বিষয়েও সিদ্ধান্ত হবে বলে তিনি জানান।
বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রণালয়কে উদ্ধৃত করে ডয়চে ভেলে জানিয়েছে, ইতোমধ্যেই ভারত ও নেপাল দু'টি জলাধার নির্মাণের কাজ এগিয়ে নিচ্ছে। এ দু'টি হচ্ছে পঞ্চেশ্বরী ও সপ্তকোষিতে।
বাংলাদেশের নদ-নদীর নাব্যতা রক্ষায় সাতটি জলাধার নির্মাণের প্রস্তাব বাংলাদেশই প্রথম নেপালকে দিয়েছিল। এগুলো হচ্ছে পঞ্চেশ্বর, সপ্তকোষি, কর্ণালী, কালিগন্ধকী-১, কালীগন্ধকী-২, শ্বেতী ও ত্রিশুর গঙ্গা।
বাংলাদেশের প্রস্তাবনায় বলা হয়েছিল সাতটি জলাধার স্বাভাবিক উচ্চতায় নির্মাণ সম্ভব হলে ফারাক্কায় বর্তমানে শুকনো মৌসুমে যে পরিমাণ পানি পাওয়া যাচ্ছে তার চেয়ে অতিরিক্ত আরও ৪৫ হাজার কিউসেক পানি পাওয়া যাবে। আর যদি সাতটির মধ্যে চারটি নির্মাণ করা যায় তাহলে আরও ১ লাখ ৮০ হাজার কিউসেক পানি পাওয়া যাবে।
নেপাল থেকে উৎপন্ন কোশি, কর্ণালী ও গন্ধকীর মতো গঙ্গার এসব গুরুত্বপূর্ণ উপনদী ফারাক্কায় শুকনো মওসুমে গঙ্গার মোট প্রবাহের ৭১ শতাংশ যোগান দেয়। বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ অর্থাৎ প্রায় ৪ কোটি মানুষ গঙ্গার পানির উপর নির্ভরশীল।
১৯৮৮ সালে বাংলাদেশে ভয়াবহ বন্যার পর তৎকালীন বাংলাদেশের প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ ও নেপালের রাজার মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে বন্যার প্রকোপ নিরসনে এবং পানি সম্পদের বহুমুখি ব্যবহার নিশ্চিত করতে একটি যৌথসমীক্ষা দল গঠন করা হয়।
সমীক্ষা দল ১৯৮৯ সালের ডিসেম্বরে বেশ কিছু সুপারিশ সম্বলিত একটি প্রতিবেদন পেশ করে। এতে বলা হয়, এ অঞ্চলের পানি সম্পদের বহুমুখীকরণ ও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে গঙ্গার উজানে পানি সংরক্ষণাগার প্রকল্প বাস্তবায়ন করা অপরিহার্য। এর ফলে বিশেষ করে বাংলাদেশের ভাটি অঞ্চলে বন্যার গভীরতা, তীব্রতা ও স্থায়িত্ব অনেকাংশে হ্রাস পাবে। একই সঙ্গে শুকনো মৌসুমেও গঙ্গার পানি প্রবাহ বৃদ্ধি পাবে বলে প্রতিবেদনে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এইচএ/১৮৫০ঘ.
bdnews24