ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোশাক শ্রমিকদের জন্য খোলা বাজারে বিক্রির (ওএমএস) চাল বরাদ্দ দিতে সরকারের কাছে ৩০ লাখ কর্মীর তালিকা জমা দিয়েছে বাংলাদেশ তৈরি পোষাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
১ মে থেকে এ কার্যক্রম শুরু হবে।
বুধবার সচিবালয়ে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় বিজিএমইএ'র নবনির্বাচিত সভাপতি আব্দুস সালাম মুর্শেদী সাংবাদিকদের একথা জানান।
সালাম মুর্শেদী জানান, সরকারের পক্ষ থেকে ওএমএস কার্যক্রম শুরুর যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে অবকাঠামো সুবিধা না থাকায় বিজিএমইএ-র পক্ষে চলতি মাস থেকে এ কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না। আগামী ১ মে থেকে তা শুরু হবে বলে জানিয়েছেন বিজিএমই সভাপতি।
সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং বিজিএমইএ'র ৩২ সদস্যের প্রতিনিধি দলের সদস্যরাও উপস্থিত ছিলেন।
সালাম মুর্শেদী জানান, সরকারের পক্ষ থেকে গার্মেন্টস শ্রমিকদের তালিকা চাওয়া হয়েছিল। এর মধ্যেই ৩০ লাখ শ্রমিকের একটি তালিকা জমা দেওয়া হয়েছে। বর্তমানে শ্রমিকদের পরিচয়পত্র দেওয়ার কাজ চলছে।
সরকারের পক্ষ থেকে আগামী ২০ মার্চ থেকেই কার্যক্রম শুরু করার প্রস্তুতি থাকার কথা জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন তাদের সংগঠনেরই তেমন অবকাঠামোগত সুবিধা নেই বলে বিষয়টি কিছুটা পিছিয়ে যাচ্ছে।
শ্রম মন্ত্রী মোশাররফ হোসেন সাংবাদিকদের জানান, বিজিএমইএ'র সঙ্গে শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং ওএমএস কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়েছে।
ওএমএস কার্যক্রম খাদ্য মন্ত্রণালয়ের বিষয় উল্লেখ করে তিনি বলেন, তারাই এর দিনক্ষণ চূড়ান্ত করবে। মন্ত্রী জানান, বিজিএমইএ নেতারা এ কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে সরকারকে অবহিত করেছেন।
বৈঠক প্রসঙ্গে মন্ত্রী আরো বলেন, এতে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের স্বার্থরক্ষার বিষয়ে আলোচনা করা হয়েছে। এ সময় মালিক, শ্রমিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাওয়ার সুপারিশ করা হয়েছে যাতে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রেক্ষাপটে বাংলাদেশের গার্মেন্টস শিল্প ক্ষতিগ্রস্ত না হয়।
শ্রমমন্ত্রী জানান, গার্মেন্টস শিল্পকে রক্ষা করার জন্য বিজিএমইএ'র পক্ষ থেকে সরকারের সহযোগিতা কামনা করা হয়েছে। তারা সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৮০২ঘ.
bdnews24