দিনাজপুর, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আদিবাসীদের অধিকার সংরক্ষণ ও আদায়ে জাতীয় সংসদে বিল আনার উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল।
তিনি বলেন, "আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারে আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার আলোকেই সংসদে বিল আনার জন্য চাপ দেওয়া হবে।"
মঙ্গলবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে "আদিবাসীদের অধিকার আদায়ে রাজনৈতিক দলের করণীয়" শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
একশন এইড এবং গ্রাম বিকাশ কেন্দ্রের সহযোগিতায় জাতীয় আদিবাসী পরিষদ এ সেমিনারের আয়োজন করে।
সুলতানা কামাল বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার, জঙ্গিবাদ নির্মূল, নির্বাচনী অঙ্গীকার পূরণের দায়িত্ব যেমন সরকারের তেমনি এই দায়িত্ব পূরণে জনগণেরও সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা প্রয়োজন।"
তিনি বলেন, "স্বাধীনতার ৩৮ বছরেও শুধু আদিবাসী নয়, সাধারণ জনগণেরও ভাগ্যের কোনো উন্নয়ন হয়নি।"
জনগণের আস্থা, সমর্থন ও ভালোবাসাকে শ্রদ্ধা ও সম্মান জানানোর জন্য রাজনৈতিক শক্তির প্রতি আহ্বান জানান তিনি।
জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি লক্ষীকান্ত হাসদা'র সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দিনাজপুর জেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি অধ্যাপক গনেশ সরেন এবং আলোচনায় অংশ নেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরেন এবং জেলার সাধারণ সম্পাদক সুভাষ মার্ডি, গ্রাম বিকাশ কেন্দ্রের পরিচালক মোয়াজ্জেম হোসেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, কমিউনিস্ট পার্টির সভাপতি আলতাফ হোসাইন, জাসদের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন প্রমুখ।
সেমিনারে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন, জাতীয় সংসদে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং তাদের প্রথাগত সম্মিলিত ভূমি অধিকারের পুর্ণ স্বীকৃতিসহ ১৮ দফা সুপারিশমালা উপস্থাপন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২০ ঘ.
bdnews24