২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন বিডিআর সদস্য ফের ৫ দিনের রিমান্ডে

পিলখানা হত্যাযজ্ঞ মামলায় তিন বিডিআর সদস্যের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া রিমান্ড শেষে নয় জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2009, 03:03 PM

Updated : 07 Jul 2022, 06:40 PM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যাযজ্ঞ মামলায় তিন বিডিআর সদস্যের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া রিমান্ড শেষে নয় জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

পাঁচ দিন রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম ফয়সাল আতিক বিন কাদের এ আদেশ দেন।

তিন বিডিআর সদস্য হলেন- সুবেদার মেজর গোফরান মল্লিক, ল্যান্স নায়েক গাউসুল আজম, সিপাহী আব্দুল লতিফ।

মামলার তদন্ত কর্মকর্তা সি আই ডি'র সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন রিমান্ডের আবেদন করেছিলেন।

গত ১২ মার্চ তাদের পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

কারাগারে পাঠানো বিডিআর সদস্যরা হলেন- হাবিলদার রেজাউল করিম, ল্যান্স নায়েক ইউসুফ আলী, সিপাহী জয়ন্ত কুমার সরকার, সিপাহী জমির আলী, সিপাহী সোহরাব হোসেন, সিপাহী ইসমাইল হোসেন, সিপাহী শরিফুল ইসলাম, সিপাহী রফিকুল ইসলাম, সিপাহী মাসুদুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এইচএ/২০৫৫ঘ.