দুই চট্টগ্রাম, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) গ্রেপ্তারকৃত দুই সাবেক কর্মকর্তাকে জেরার জন্য তিনদিনের হেফাজতে নিয়েছে সিআইডি পুলিশ।
মঙ্গলবার বিকালে মহানগর হাকিম আবদুর রব শুনানি শেষে সিইউএফএল এর তখনকার ব্যবস্থাপনা পরিচালক মোহসিন তালুকদার ও মহা ব্যবস্থাপক (প্রশাসন) এনামুল হকের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) ও সিআইডি চট্টগ্রাম অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন জানালে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।"
আইও বলেন, মামলার তদন্তের স্বার্থেই এ দুজনকে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে।
রোববার এই দুই আসামিকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।
এদিকে মঙ্গলবার গোয়েন্দা সংস্থা 'এনএসআই' এর সহকারী পরিচালক মো. আলী চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও তিনি হাজির হননি।
আইও মনিরুজ্জামান বলেন, "এনএসআই কর্মকর্তা মো. আলী চৌধুরী সিআইডি কার্যালয়ে হাজির না হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা যায়নি। বুধবার হাজির হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।"
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল এর সংরক্ষিত জেটি ঘাটে দশ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ খালাস করার সময় পুলিশ আটক করে। সেসময় গ্রেপ্তারকৃত দুইজন সিইউএফএল এর এমডি ও জিএম হিসেবে কর্মরত ছিলেন।
আইও মনিরুজ্জামান চৌধুরী নতুন করে তদন্ত শুরু করার পর এই দুইজনসহ সিইউএফএল এর পাঁচ সাবেক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। গত বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার হাফিজ ও দীন মোহাম্মদ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার পর মামলার তদন্ত নতুন মোড় নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এসকে/২০০৯ঘ.
bdnews24