২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯০ তম জন্মদিনে মঙ্গলবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2009, 01:44 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

গোপালগঞ্জ, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯০ তম জন্মদিনে মঙ্গলবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ শেখ ফজলুল করিম সেলিম। পুষ্পস্তবক অর্পণের পর তিনি বঙ্গবন্ধুর কবরের পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার ও সশস্ত্র সালাম জানায়। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। এরপর সাংসদ সেলিম বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পদক মুকুল বোস, ঢাকা বিভাগীয় কমিশনার ড. খোন্দকার শওকত হোসেন, আন্তর্জাতিক লায়ন্স ক্লাবের পরিচালক শেখ কবির হোসেন, গোপালগঞ্জের জেলা প্রশাসক এস.এম আশফাক হুসেন, সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসপি) মো. আব্দুল কুদ্দুস আমিন, জেলা আওয়ামী লীগ সভাপতি মো. আলী খান আবু মিয়া, সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদুল হকসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। এর পর শ্রদ্ধা নিবেদন করে কেন্দ্রীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, এবং দলের বিভিন্ন জেলা ও উপজেলা কমিটিসহ নানা সামাজিক, সাংস্কৃতিক, শ্রমজীবী, পেশাজীবী সংগঠন। শ্রদ্ধা নিবেদন শেষে পর সকাল ১০টায় সমাধি কমপ্লেক্সের খোলা মঞ্চে জেলা প্রশাসনের উদ্যেগে আয়োজিত শিশু-কিশোর সমাবেশ শুরু হয়। পঞ্চম শ্রেণীর ছাত্রী তাসমিয়া জামান শুভেচ্ছার সভাপতিত্বে অনুষ্ঠিত শিশু-কিশোর সমাবেশে প্রধান অতিথি ছিলেন শেখ ফজলুল করিম সেলিম। শিশু-কিশোরদের উদ্দেশে তিনি বলেন, সর্বকালে শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানতে হলে বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে হবে। বঙ্গবন্ধুর দেশপ্রেম, আত্মত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে তোমাদের সোনার বাংলা গড়ে তোলার কাজ করতে হবে। অনুষ্ঠান পরিচালনা করে তাসফিয়া হাসান হৃদিতা ও আফসানা নূর দিনিয়া। জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন স্কুলের এক হাজারেরও বেশি শিশু-কিশোর এ সমাবেশে অংশ নেয়। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধান অতিথি সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এরপর বাদ জোহর সমাধি কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল। বিকেলে বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পস্তবক অপর্ণ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মুদাসসর আলী। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক নিলুফার বেগম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৪৪ ঘ.