ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাড়পত্রহীন শিপ ব্রেকিং ইয়ার্ডগুলোর কর্মকাণ্ড নির্দেশ পাওয়ার দুই সপ্তাহের মধ্যে বন্ধ করা নিশ্চিত করতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
জনস্বার্থে দায়ের করা বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির একটি রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ইমান আলী ও শেখ আব্দুল আউয়ালকে নিয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই রায় দেয়।
আদালতের আদেশে বলা হয়, বৈধ ও বাধ্যতামূলক পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র ছাড়া শিপ ইয়ার্ডে জাহাজ ভাঙার কোন কাজ করা যাবে না।
হাইকোর্ট সংশ্লিষ্ট তথ্য যথাযথভাবে যাচাই-বাছাই না করা পর্যন্ত পরিবেশবাদী সংগঠন গ্রিন পিসের তালিকাভূক্ত কোন জাহাজ ভাঙার জন্য বাংলাদেশে না আনার নির্দেশ দিয়েছে। আদালতের আদেশে বলা হয়, আইন অনুযায়ী সংশ্লিষ্ট জাহাজটির বর্জ্য পরিস্কার এবং এ ধরনের জাহাজ ভাঙার মতো অবকাঠামোগত সুযোগ-সুবিধা আছে কিনা, তাও খতিয়ে দেখতে হবে।
বাংলাদেশের সীমানার বাইরেই ক্ষতিকর বর্জ্য পরিস্কার না করে কোন জাহাজ যাতে দেশে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করার জন্যও সরকারকে নির্দেশ দিয়েছে আদালত।
শ্রমিকদের জন্য কাজের নিরাপদ ব্যবস্থা ,ক্ষতিকর বর্জ্য ফেলার যথাযথ ব্যবস্থা এবং পরিবেশ সংরক্ষণের বিষয়টি নিশ্চিত করার পরই কেবল জাহাজ ভাঙার কাজ করা যেতে পারে বলে উল্লেখ করে আদালতের আদেশে সরকারকে এ বিষয়টি নিশ্চিত করতে বলা হয়।
বাসেল কনভেনশন ১৯৮৯, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এবং পরিবেশ সংরক্ষণ রুলস ১৯৯৭ এর ওপর ভিত্তি করে জাহাজ ভাঙার ব্যাপারে আগামী তিন মাসের মধ্যে প্রয়োজনীয় আইন-কানুন তৈরি করার জন্য আদালত পরিবেশ ও বন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে।
আইন তৈরির বিষয়টি কোন পর্যায়ে আছে তিন মাস পর তা জানাতে হবে।
আদেশগুলোর বাস্তবায়ন নিশ্চিত করার জন্য আদালত একটি কমিটি গঠনের পক্ষেও মত দিয়েছে।
বিষয়টিকে আগামী ৭ এপ্রিল আদালতে তোলা হবে। তখন নির্দেশ অমান্যকারী ইয়ার্ডগুলোর কার্যক্রম বন্ধ করার ক্ষেত্রে অর্জিত অগ্রগতি পরিবেশ অধিদপ্তর আদালতে তুলে ধরবে।
গ্রিন পিসের তালিকাভূক্ত জাহাজ এমটি এন্টারপ্রাইজের বাংলাদেশে প্রবেশকে চ্যালেঞ্জ করে বেলা গত বছরের সেপ্টেম্বরে একটি রিট দাখিল করে। সে সময় গ্রিন পিসের তালিকাভূক্ত এমটি আলফাশিপ ও এসএস নরওয়েকে প্রবেশ করতে দিতে বাংলাদেশ আস্বীকার করেছিল।
পরিবেশ অধিদপ্তর গত বছরের ১১ ডিসেম্বর এক রিপোর্টে জানিয়েছিল ৩৬টি শিপ ব্রেকিং ইয়ার্ডের একটিও পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র নেয়নি। এমন কি, ছাড়পত্র পাওয়ার জন্য আবেদন পর্যন্ত করেনি। এই ইয়ার্ডগুলোকে 'লাল' (খুবই বিপজ্জনক) শ্রেণীর প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পরিবেশ আইন মেনে চলার বিষয়টি নিশ্চিত করার জন্য কোন মন্ত্রণালয়ই সহযোগিতা করছে না বলে আদালত মনে করে।
সাবেক অ্যাটর্নী জেনারেল ফিদা এম কামাল রিটটি দাখিল করেন। বেলা-র সৈয়দ রিজওয়ানা হাসান, বাহরিন খান ও ইকবাল কবির তাকে সহায়তা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএনএস/টিআর/এসকে/২৩০২ ঘ.
bdnews24