ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, রাজধানীতে আরো বেশকিছু সরকারি স্কুল প্রতিষ্ঠা করা হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে মঙ্গলবার বিটিভিতে শিশুদের সঙ্গে এক 'সাক্ষাৎকার' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা জানান।
জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) ও বিটিভি-র যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেওয়া শিশুদের মধ্যে ছিল একদল সুবিধাবঞ্চিত পথশিশু ও শিশু শ্রমিক।
'আমাদের কথা' নামের এ ৪৫ মিনিটের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন জায়গা থেকে আসা এসব শিশুর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানের শুরুতেই এক পথশিশুর প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, "শিশুদের জন্য কাজ করা আমার দায়িত্ব। আমি সব সময় মনে করি শিশুদের জন্য কিছু করতে হবে। আমি সেই সুযোগ পেয়েছি, এখন তাকে কাজে লাগাবো। কিন্তু চারদিকে এত সমস্যার মধ্যে কতোটুকু সফল হতে পারবো তা আমি জানি না।"
প্রধানমন্ত্রী শিশুশ্রম বন্ধ ও শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন।
শিশুরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তার সমাধানে সরকারের উদ্যোগের কথা জানতে চায়।
এসময় প্রধানমন্ত্রী জানান, শিশুদের সুশিক্ষা নিশ্চিত করার জন্য রাজধানীতে আরো বেশকিছু সরকারি স্কুল প্রতিষ্ঠা করা হবে।
প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে নিজের ছোটবেলার স্মৃতি বিনিময় করেন। ছেলেবেলায় গ্রামে দাদা-দাদীর সঙ্গে থাকার সময় গ্রামের বিভিন্ন স্মৃতি, ঢাকায় আসার পর স্কুলের বিভিন্ন মজার কথা তুলে ধরেন তিনি।
শেখ হাসিনা জানান, ছোটবেলায় তার ইচ্ছা ছিল ডাক্তার অথবা শিশুদের শিক্ষক হওয়া। তবে ছোটবেলা থেকেই রাজনৈতিক পরিবেশে বড় হওয়ায় তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/টিআর/এসকে/২৩৩২ঘ.
bdnews24