ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উৎসবমুখর পরিবেশে দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯০তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শোভাযাত্রা, শিশু সমাবেশ, আলোচনা, হাতের লেখা, উপস্থিত বক্তৃতা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধির পাঠানো খবর:
খুলনা: শোভাযাত্রা, শিশু সমাবেশ, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতা, দোয়া ও উপাসনা, চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে খুলনা নগরীতে দিনটি উদযাপিত হয়েছে।
বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সকাল ৮টায় সার্কিট হাউস থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিলা স্কুল মাঠে এসে শেষ হয়।
সকাল ১০টায় একই মাঠে শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।
দিবসটি উপলক্ষে খুলনা সিটি করপোরেশন, শিশু একাডেমীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও নানা অনুষ্ঠানের আয়োজন করে।
সিলেট: জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিকেল সাড়ে ৪টায় চালিবন্দরে ইব্রাহিম স্মৃতি সংসদে আলোচনা সভা হয়। এতে আলোচক ছিলেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড. সালেহউদ্দিনসহ অন্যান্যরা।
বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা সিলেট জেলা ও মহানগর শাখা চারদিনব্যাপী কর্মসূচি পালন করছে।
এর মধ্যে সকালে ছিল শোভাযাত্রা এবং কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে একই স্থানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী সভায় বক্তব্য রাখেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও সিলেটের বিভিন্ন উপজেলায় নান কর্মসূচি পালিত হয়।
রাজশাহী: সকালে মহানগর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন কুমারপাড়া দলীয় কার্যলয়ে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় দলের ও সংগঠনগুলোর নেতারা উপস্থিত ছিলেন।
একই স্থানে বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এছাড়া বিকেলে জেলা বঙ্গবন্ধু পরিষদ পাবলিক লাইব্রেরিতে সঙ্গীতানুষ্ঠান, রাজশাহী মহানগর সৈনিক লীগ দুপুর দলীয় কার্যালয়ে কেক কেটে জন্ম দিনের উৎসব পালন করে। শিশু একাডেমী এবং আওয়ামী শিল্পী গোষ্ঠী পৃথকভাবে দিবসটি উদযাপন করে।
সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন, বঙ্গবন্ধু পরিষদ, প্রগতিশীল শিক্ষক সমাজ, মুক্তিযোদ্ধা ইউনিট, আওয়ামী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী কল্যাণ ঐক্য পরিষদসহ ক্যাম্পাসের বিভিন্ন সংগঠন সম্মিলিতভাবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে।
এরপর সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় রাবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রহমানসহ কয়েকজন শিক্ষক বক্তব্য রাখেন।
বরিশাল: সকালে অশ্বিনী কুমার হল চত্বরে জেলা ও মহানগর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, শিক্ষক সমিতি, গণফোরাম, নাট্য সংগঠন শব্দাবলী থিয়েটারসহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে।
পরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পক্ষে মিষ্টি বিতরণ এবং আওয়ামী লীগের উদ্যোগে শিশুদের অংশগ্রহণে শোভাযাত্রা বের হয়। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০ টায় বরিশাল মিলনায়তনে শিশু সমাবেশ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
জেলা প্রশাসক মুশফিক আহমেদ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরণ।
সন্ধ্যায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে অশ্বিনী কুমার হল চত্ত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এছাড়া বান্দরবান, খাগড়াছড়ি, বরগুনা, ভোলা, ফরিদপুর, কুষ্টিয়া, মুন্সীগঞ্জ, পটুয়াখালী, সাতক্ষীরা ও শরীয়তপুর জেলায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫৫ ঘ.
bdnews24