চাঁদপুর, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদাবাজির মামলায় সোমবার চাঁদপুরের কচুয়া উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
কচুয়া বাজার থেকে কামাল হোসেন টিটুকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সালাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কচুয়া উপজেলার খিড্ডা গ্রামের কাঁচামাল ব্যবসায়ী ফয়েজ উল্লাহ বাদী হয়ে গত ১৪ মার্চ কামালের বিরুদ্ধে থানায় এ মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ আজ (সোমবার) তাকে গ্রেপ্তার করে।
মামলায় বাদী ফয়েজ উল্লাহর কাছ থেকে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেছেন বলে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১০ ঘ.
bdnews24