২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের প্রহারে সাভারের ইউইও আহত

টয়লেট নির্মাণকে কেন্দ্র্র করে সৃষ্ট ঘটনায় সোমবার সন্ধ্যায় উপজেলা শিক্ষা কর্মকর্তা (ইউইও) সাভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রহারে আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2009, 05:57 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

সাভার, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টয়লেট নির্মাণকে কেন্দ্র্র করে সৃষ্ট ঘটনায় সোমবার সন্ধ্যায় উপজেলা শিক্ষা কর্মকর্তা (ইউইও) সাভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রহারে আহত হয়েছেন। আহত শিক্ষা কর্মকর্তা এম আব্দুল আজিজকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি কানে, ঘাড়ে ও গলায় মারাত্বক আঘাত পেয়েছেন। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাব্বী মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্যরা নিয়ম বহির্ভূতভাবে স্কুলে টয়লেট স্থাপন করার সময় শিক্ষা কর্মকর্তা বাধা দিলে তাদের সাথে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে হাতাহাতি হয়। এরপর ওই স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম খোকা, সদস্য আমিনুল ইসলাম, সেন্টু মিয়া ও মো. বাতেনসহ অজ্ঞাতনামা কয়েক ব্যক্তি শিক্ষা কর্মকর্তাকে মারধর করেন। তিনি বলেন, "হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এদের গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।" সাভার থানায় মামলার প্রস্তুতি চলছে। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম খোকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা না থাকায় পৌরসভা থেকে দু'টি টয়লেট বসানোর ব্যবস্থা করে দেয়। সোমবার টয়লেট বসানোর কাজে শিক্ষা কর্মকর্তা বাধা দেন এবং তাদের অকথ্য ভাষায় গালাগাল দেন। তাই ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেছেন। সাভার থানার উপ-পরিদর্শক টিপু সুলতান জানান, হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫০ ঘ.