ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আটটি উপজেলার ১১ টি ভোটকেন্দ্রের সবগুলোর বেসরকারি ফলাফল পাওয়া গেছে। স্থগিত এসব কেন্দ্রে আবার ভোট গ্রহণের মধ্য দিয়ে তিনটি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হয়েছে। বাকিগুলোতে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা বেসরকারিভাবে নির্বাচিত হন।
তিন উপজেলা পরিষদের মধ্যে মুন্সীগঞ্জের গজারিয়া ও ময়মনসিংহের নান্দাইলে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রাথী।
এছাড়া চট্টগ্রামের সন্দ্বীপে ভাইস চেয়ারম্যান, লক্ষ্মীপুর সদরে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান, সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান, চাঁদপুরের ফরিদগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান, জামালপুরের ইসলামপুরে মহিলা ভাইস চেয়ারম্যান ও ময়মনসিংহের নান্দাইলে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
গত ২২ জানুয়ারি অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের দিন বিভিন্ন অনিয়মের অভিযোগে আট উপজেলার ১১টি ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। এর মধ্যে নান্দাইলে চারটি এবং বাকি সাত উপজেলায় একটি করে কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।
সোমবার এসব কেন্দ্রে সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত পুনঃভোটগ্রহণ চলে।
প্রধান নির্বাচন কমিশনার ১১টি ভোটকেন্দ্রের শান্তিপূণ ভোটগ্রহণে সন্তোষ প্রকাশ করেছেন।
তিনি বলেন, আগামী ২ এপ্রিলের সাতটি সংসদীয় আসনে উপনির্বাচন ও ৬ এপ্রিলের স্থগিত ছয়টি উপজেলার নির্বাচনও শান্তিপূর্ণ করতে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়া উপজেলা নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন বিভিন্ন কারণে ছয়টি উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছিল। আগামী ৬ এপ্রিল এসব উপজেলায় নির্বাচন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সন্দ্বীপ (চট্টগ্রাম): উপজেলার মুসাপুর মোস্তাফিজুর রহমান রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল মিলিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফোরকান উদ্দিন আহমদ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তিনি ২২৯ ভোটের ব্যবধানে বিএনপি সমর্থিত প্রার্থী আলমগীর হোসাইনকে পরাজিত করেন।
রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইনসান এ এলাহী জানান, ফোরকান উদ্দিনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তিনি পেয়েছেন মোট ১৪ হাজার ৮৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর হোসাইন ১৪ হাজার ৬২০ ভোট পেয়েছেন।
মুসাপুর মোস্তাফিজুর রহমান রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পুনঃভোটে ফোরকান উদ্দিন পেয়েছেন ১৩১৭ ভোট। আলমগীর পেয়েছেন ২৭৭ ভোট। এ কেন্দ্রে মোট ভোটার ২৩৪৮।
উপজেলার ৭৯টি কেন্দ্রর মধ্যে ৭৮টিতে আগে ভোট গ্রহণ হয়েছিল।
গজারিয়া (মুন্সীগঞ্জ): উপজেলার শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গণনার পর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রেফায়েত উল্লাহ খান তোতা (দোয়াত-কলম প্রতীক) চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
উপজেলার সহকারী রিটার্নিং অফিসার রুহুল আমিন জানান, রেফায়েত উল্লাহ ১৯ হাজার ৯৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী কলিমুল্লাহ (কাপ-পিরিচ) পেয়েছেন মোট ১৯ হাজার ২৫৩ ভোট।
শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মোট দুই হাজার ৫৯১ ভোটারের মধ্যে দুই হাজার ৩৯৩ জন ভোট দিয়েছেন। এর মধ্যে রেফায়েত উল্লাহ পেয়েছেন ২০৫৯ ভোট। কলিমুল্লাহ পেয়েছেন ২৬৮।
ফরিদগঞ্জ (চাঁদপুর): উপজেলার বালিথুবা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পুনঃভোটের ফলাফল মিলিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী রেবেকা সুলতানা (আম প্রতীক) নির্বাচিত হয়েছেন।
সহকারী রিটার্নিং অফিসার ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এনামুল হক জানান, এ কেন্দ্রসহ রেবেকা সুলতানা ভোট পেয়েছেন ৩৪ হাজার ৬৮০টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত রিনা নাসরিন (পদ্মফুল প্রতীক) পেয়েছেন ৩৪ হাজার ৪৫৪ ভোট।
তিনি জানান, সোমবার বিকেলে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. নূরুল হক কেন্দ্রটির ফলাফল জানান। এতে রেবেকা পেয়েছেন ৭৭৭ ভোট। আর রিনা পেয়েছেন এক হাজার ১৮ ভোট। কেন্দ্রে মোট তিন হাজার ৬১২ ভোটের মধ্যে এক হাজার ৯১৭টি ভোট পড়েছে বলে সহকারী রিটার্নিং অফিসার এনামুল হক জানান।
উপজেলার ৮৭টি কেন্দ্রের মধ্যে ৮৬টি কেন্দ্রের মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটের ফলাফলে রেবেকা পেয়েছিলেন ৩৩ হাজার ৯০৩ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিনা নাসরিন পেয়েছিলেন ৩৩ হাজার ৪শ' ৩৬ ভোট।
চৌহালী (সিরাজগঞ্জ): চৌহালী ডিগ্রি কলেজ কেন্দ্রের ভোটের ফলাফল মিলিয়ে বেসরকারিভাবে বিএনপি সমর্থিত মাহফুজা খাতুন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
চৌহালী ডিগ্রি কলেজ কেন্দ্রের দুই হাজার ৮০২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন দুই হাজার ১৫১ জন। এর মধ্যে মাহফুজা পেয়েছেন এক হাজার ২৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আবু বকর সিদ্দিক পেয়েছেন ৯১৯ ভোট।
সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা নীতিশ চন্দ্র দে জানান, বিজয়ী মাহফুজা পেয়েছেন মোট ১৭ হাজার ৭৪৯ ভোট। আবু বকর পেয়েছেন ১৬ হাজার ৮৩০ ভোট।
অপরদিকে ভাইস চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত নাসরিন আকতার ও কামরুল হায়দার।
গত ২২ জানুয়ারি নির্বাচনের দিন উপজেলার ৩৪টি কেন্দ্রের মধ্যে ৩৩টি কেন্দ্রের ভোট গ্রহণ হয়েছিল।
লক্ষ্মীপুর সদর: উপজেলার মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গণনার পর মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে যথাক্রমে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফরিদা ইয়াসমিন ও মহিউদ্দিন বকুল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও খলিলুর রহমান জানান, মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফরিদা ইয়াসমিন পেয়েছেন এক হাজার ৮১ ভোট। তিনি মোমবাতি প্রতীক নিয়ে মোট ৬৭ হাজার ১৫৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেরা আনোয়ার আম প্রতীক নিয়ে এ কেন্দ্রে পেয়েছেন ২০৭ ভোট। তার মোট ভোট ৬৫ হাজার ২০৪।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত বকুল পেয়েছেন ৮২০ ভোট। তিনি পেয়েছেন মোট ৪৪ হাজার ৭০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আরেক প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়ন এ কেন্দ্রে পেয়েছেন ১৬৩ ভোট। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৪১ হাজার ৪৬২ ভোট।
নান্দাইল (ময়মনসিংহ): উপজেলার ভাদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইমাম হোসেন উচ্চ বিদ্যালয় ও শেরপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পুনঃভোটের ফলাফলসহ এ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সিরাজুল ইসলাম ভূইয়া (চাকা)।
ময়মনসিংহ জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদ আহমেদ জানান, সিরাজুল ইসলাম পেয়েছেন মোট ৪১ হাজার ৬৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের আব্দুল মালেক চৌধুরী স্বপন ৩৯ হাজার ৭৯৮ ভোট পেয়েছেন।
সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাহমিনা বেগম রিপা (হাঁস) ৬২ হাজার ২৪১ ভোট এবং ভাইস চেয়ারম্যান পদে শফিকুল ইসলাম (বাঘ প্রতীক) ৭৯ হাজার ৯১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ইসলামপুর (জামালপুর): উপজেলার নোয়াপড়া ইউনিয়নের কাজলা খলিলুর রহমান উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পুনঃভোটের ফলাফল মিলিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহানারা বেগম পুঁথি।
ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এম মতিউল ইসলাম জানায়, উপজেলার ৮৩ কেন্দ্রের মধ্যে ৮২টিতে ফলাফল আগে ঘোষণা করা হয়েছিল। আজকের (সোমবার) কেন্দ্রটি নিয়ে সবগুলো কেন্দ্রের ফলাফলে জাহানারা বেগম পুঁথি মোট ৪২ হাজার ৩৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটমত প্রতিদ্বন্দ্বী বিএনপি'র লায়লা কায়জার পাহলোয়ান পেয়েছেন ৪২ হাজার ২৬ ভোট।
খলিলুর রহমান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই হাজার ৫৬৭ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন এক হাজার ৯৬০ জন।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): উপজেলার কলাতলী সরকারি প্রাথমীক বিদ্যালয় কেন্দ্রে দুই হাজার ১৮৯ জন ভোটারের মধ্যে দুই হাজার ৬১ জন ভোট দিয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাবিবুর রহমান হারেস (তালা)। সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন একই দলের সৈয়দা ফেরদৌসী আলম নীলা (হাঁস প্রতীক)।
উপজেলা চেয়ারম্যান পদে শাহজাহান ভূঁইয়া আগেই বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৬ ঘ.
bdnews24