২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ ট্রাক অস্ত্র মামলা : এনএসআই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি

চট্টগ্রামের আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই)-এর এক সহকারী পরিচালককে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করবে সিআইডি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2009, 03:45 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

চট্টগ্রাম, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই)-এর এক সহকারী পরিচালককে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করবে সিআইডি। জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে সহকারী পরিচালক মোহাম্মদ আলী চৌধুরীকে সিআইডি'র চট্টগ্রাম কার্যালয়ে হাজির হতে চিঠি দেওয়া হয়েছে। ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল এর সংরক্ষিত জেটি ঘাটে অস্ত্র খালাসের সময় এনএসআই'র চট্টগ্রামের সহকারী পরিচালক ছিলেন মোহাম্মদ আলী। বর্তমানে ঢাকায় একই পদে কর্মরত আছেন তিনি। সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) সিআইডি চট্টগ্রাম অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার এ গোয়েন্দা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া অস্ত্র খালাসের সময় কর্মরত কোস্টগার্ডের উর্ধতন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের জন্য স্বরাষ্ট মন্ত্রণালয় মারফত চিঠি দেওয়া হয়েছে বলেও তিনি জানান। তবে কতজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হবে তা তিনি জানাতে চাননি। মনিরুজ্জামান চৌধুরী জানান, মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামি হাফিজ ও দীন মোহাম্মদের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অস্ত্র খালাসের বিষয়টি 'এনএসআই'সহ কয়েকটি গোয়েন্দা সংস্থা ও কোস্টগার্ডের উর্ধতন কর্মকর্তারা অবহিত ছিলেন বলে উল্লেখ করে। এ কারণে মামলার জট খুলতে মো. আলী চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। সিআইডি সূত্র জানায়, এ মামলায় ধারাবাহিকভাবে দুটি গোয়েন্দা সংস্থার বেশ কয়েকজন উর্ধতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে এ মামলায় গ্রেপ্তার সিইউএফএল'র (চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহসীন তালুকদার ও মহাব্যবস্থাপক (প্রশাসন) এনামুল হকের রিমান্ড আবেদনের উপর শুনানি মঙ্গলবার অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া এই দুই সাবেক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে রোববার মামলার আইও মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করেন। সোমবার এ বিষয়ে শুনানির দিন ধার্য থাকলেও তা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এইচএ/২১৪০ঘ.