ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্ত্রী হত্যার দায়ে ঝিনাইদহে একজনের মৃত্যুদণ্ড এবং সিরাজগঞ্জে আরেকজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। সোমবার ঝিনাইদহ ও সিরাজগঞ্জের আদালত এ রায় দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ-
ঝিনাইদহ: স্ত্রী রহিমা খাতুনকে হত্যার দায়ে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ভগবানপুর গ্রামের নবিস উদ্দিনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ফাঁসিতে এ দণ্ড কার্যকর করার আদেশ দেওয়া হয়।
জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মফিজুল ইসলাম এ আদেশ দেন।
পারিবারিক কলহের জেরে ২০০৪ সালের ৯ অক্টোবর রাতে স্ত্রী রহিমা খাতুনকে শ্বাস রোধ করে হত্যা করে পালিয়ে যান নবিস।
নিহতের ভাই জাহিদ হোসেন কোটচাাঁদপুর থানায় মামলা করেন। তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক শওকত আলী চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এর মধ্যে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আনিসুর রহমান, শামসুল হক ও নবিসুন নেছাকে বেকসুর খালাশ দেওয়া হয়। আদালত ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচলনা করেন বিশেষ পিপি আবু তালেব এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুর রশিদ ও মোকারম হোসেন।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় গৃহবধূ মর্জিনাকে হত্যার দায়ে তার স্বামী জাহিদুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জের জেলাও দায়রা জজ আদালতের বিচারক বিপ্লব গোস্বামী সোমবার এ রায় দেন।
২০০৫ সালের ১ মার্চ রাতে বেলকুচি উপজেলার তামাই ক্ষীদ্রমাটিয়া গ্রামের বাড়িতে পারিবারিক কলহের জেরে স্ত্রী মর্জিনাকে শ্বাসরোধ ও পিটিয়ে হত্যা করে।
ঘটনার চার মাস পর নিহতের মা লাইলী খাতুন বেলকুচি থানায় চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।
অপর তিন আসামি নিহতের ননদ লিপি বেগম এবং দেবর ফরিদ ও সবুজের অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন রেজাউল করিম তালুকদার এবং আসামিপক্ষে ছিলেন শাহ আলম ডেভিড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১৯ ঘ.
bdnews24