ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলীয় জোট সরকারের আমলে বাধ্যতামূলক অবসরে পাঠানো প্রশাসন ও পুলিশ ক্যাডারের শতাধিক কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করতে প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ ও প্রস্তাব পেশ করেছে প্রশাসনিক রিভিউ কমিটি।
প্রশাসন ও পুলিশের চাকরিচ্যুত, নির্যাতিত ও হয়রানির শিকার কর্মকর্তাদের ব্যাপারে প্রশাসনিক সিদ্ধান্ত নিতে গঠিত রিভিউ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিটির সভাপতি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. আলাউদ্দিন আহমেদ।
সচিবালয়ে সংস্থাপন মন্ত্রণালয়ের সভাকক্ষে সোমবার বিকেলে অনুষ্ঠিত কমিটির এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।
সভায় কমিটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
আলাউদ্দিন আহমেদ জানান, জোট সরকারের আমলে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তে বিক্ষুব্ধ বেশ কিছু কর্মকর্তা আদালতে মামলা করে তাদের পক্ষে রায় পেয়েছেন। আদালতের রায় নিয়ে ইতোমধ্যে অনেকেই কর্মস্থলে যোগদানও করেছেন। এর প্রেক্ষিতে কমিটি বেশ কিছু কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের সুপারিশ করেছে।
তিনি জানান, ইতোমধ্যে কমিটি এমন কর্মকর্তাদের একটি তালিকা চূড়ান্ত করেছে। এতে শতাধিক কর্মকর্তার নাম রয়েছে। এ তালিকা ও সুপারিশ প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে। তিনিই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
তবে কমিটি নন-ক্যাডার কর্মকর্তাদের ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়নি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরো জানান, ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে কয়েক হাজার আবেদন পাওয়া গেছে। এর মধ্যে রিভিউ কমিটি শুধুমাত্র ক্যাডারভুক্ত কর্মকর্তাদের ব্যাপারেই সিদ্ধান্ত নেবে।
নন-ক্যাডার কর্মকর্তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ভিত্তিক রিভিউ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। তাদের ব্যাপারে ওই কমিটিই সিদ্ধান্ত নেবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৯৩০ঘ.
bdnews24