নারায়ণগঞ্জ, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক চলচ্চিত্র নায়িকা আওয়ামী লীগ সাংসদ সারাহ বেগম কররী রোববার স্থানীয় দৈনিকের এক ফটো সাংবাদিককে পিটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
তবে কবরী এই অভিযোগ অস্বীকার করেছেন।
দৈনিক শীতলক্ষ্যার ফটো সাংবাদিক শেখ শহীদুল ইসলাম সেন্টু ফতুল্লা মডেল থানায় তাকে মারধর করার ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন।
এতে বলা হয়, সাংসদ কবরী ধর্মগঞ্জের পাকাপুল এলাকায় জাগরণী ক্রীড়া চক্রের কার্যালয়ে বোয়ালিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানের ছবি তুলতে গেলে সাংসদ কবরী তাকে গালি দেন এবং তার গালে চড় মারেন। এছাড়া কবরীর সহযোগীরা তাকে টেনে-হিঁচড়ে নিয়ে যায় এবং পরনের গেঞ্জি ছিঁড়ে ফেলে।
সাংসদ সারাহ বেগম কবরী অভিযোগ অস্বীকার করে বলেন, "এটি ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ। দৈনিক শীতলক্ষ্যায় আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে। তাই আমি শীতলক্ষ্যার সাংবাদিককে বলেছি আমার ছবি ওই পত্রিকায় ছাপানোর দরকার নেই।"
এদিকে ফটো সাংবাদিক শেখ শহীদুল ইসলাম সেন্টুকে লাঞ্ছিত করার প্রতিবাদে স্থানীয় ফটো সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেন। পরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনের রাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রুমন রেজা, সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, দৈনিক শীতলক্ষ্যার সাংবাদিক আবু সাঈদ কাদেরী প্রমুখ।
সমাবেশে বক্তারা ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন।
সারাহ বেগম কবরী নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/টিআর/০০২৫ ঘ.
bdnews24