যশোর, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুদ্ধাপরাধের অভিযোগে জাতীয় পার্টির এক প্রেসিডিয়াম সদস্যসহ তিনজনের বিরুদ্ধে যশোরে দায়ের করা মামলাটি রোববার বিচারক নথিভুক্ত করেছেন।
সেই সঙ্গে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন তিনি।
আব্দুল মোতালেবকে হত্যার অভিযোগে তার ছেলে মশিয়ার রহমান দফাদার যশোরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন।
আসামিরা হলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কেশবপুরের হিজলডাঙ্গা গ্রামের মাওলানা সাখাওয়াত হোসেন, একই উপজেলার কথিত রাজাকার কমান্ডার মাস্টার আমিন উদ্দিন ও সাতবাড়িয়া গ্রামের শেখ আব্দুল গনি।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় কেশবপুর উপজেলার ত্রিমোহনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেবকে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা ও লাশ গুম করার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয় বলে বাদি পক্ষের আইনজীবী মাহমুদ মহসিন জানিয়েছেন।
তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ আগস্ট সকালে আসামিরা আব্দুল মোতালেবকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরওয়ার জাহান বলেন, আদালতের আদেশ এখনও থানায় এসে পৌঁছেনি।
মাওলানা সাখাওয়াত হোসেন ১৯৯১ সালে জামায়াতে ইসলামীর পক্ষে নির্বাচনে দাঁড়িয়ে যশোর-৬ আসন থেকে সাংসদ নির্বাচিত হন। কিন্তু মেয়াদপূর্তির আগেই তিনি জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দেন।
একই আসন থেকে ১৯৯৬ সালের নির্বাচনে বিএনপির টিকেটে নির্বাচন করে হেরে যান তিনি। তখন তাকে বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক করা হয়।
২০০১ সালে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় তাকে দল থেকে বহিস্কার করা হয়।
পরে ২০০৬ সালে কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপিতে যোগ দেন তিনি। দেশে জরুরি অবস্থা জারির পর তিনি ফেরদৌস আহম্মেদ কোরেশীর নেতৃত্বাধীন পিডিপিতে যোগ দেন।
পরে ঘরোয়া রাজনীতি উন্মুক্ত করা হলে তিনি এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে যোগ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এএনএস/টিআর/০০২৩ ঘ.
bdnews24