২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইউএফএল এর সাবেক দুই কর্মকর্তাকে পুলিশ হেফাজতের আবেদন

আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় সিইউএফএল এর গ্রেপ্তার দুই সাবেক উর্ধতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে সিআইডি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2009, 04:50 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

চট্টগ্রাম, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় সিইউএফএল এর গ্রেপ্তার দুই সাবেক উর্ধতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে সিআইডি। রোববার বিকালে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) সিআইডি চট্টগ্রাম অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরী মুখ্য মহানগর হাকিম আদালতে এ দুই আসামিকে পাঁচ দিনের হেফাজতে চেয়ে আবেদন জানান। সোমবার রিমান্ডের এ আবেদনের ওপর শুনানি হবে। গত বৃহস্পতিবার চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহসিন তালুকদার ও মহা ব্যবস্থাপক (প্রশাসন) এনামুল হককে চারদিনের জিজ্ঞাসাবাদ শেষে সিআইডি পুলিশ গ্রেপ্তার করে। ২০০৪ সালে সিইউএফএল এর সংরক্ষিত জেটি ঘাটেই অবৈধভাবে দশ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ খালাসের সময় পুলিশ আকস্মিকভাবে তা আটক করে। মামলার আইও মনিরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার তদন্তের স্বার্থে এই দুই সাবেক কর্মকর্তাকে আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। আইও জানান, আগে এ দুজনকে জিজ্ঞাসাবাদে এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি প্রমাণিত হওয়ায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া তারা জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন। মামলার স্বার্থেই তাদের আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এদিকে রোববার তৎকালীন দুই পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ করার কথা থাকলেও তা হয়নি বলে মামলার আইও জানান। এ দুই কর্মকর্তা ছাড়াও সিইউএফএল এর আরও সাবেক তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২২৩২ঘ.