ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোয়েন্দা সংস্থা এবং রাষ্ট্রীয় নিরাপত্তায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলোকে জনসাধারণ ও সাংবাদিকদের তথ্য প্রদানের বাধ্যবাধকতার বাইরে রেখে তথ্য অধিকার বিল ২০০৯ সংসদে পাস হতে যাচ্ছে।
রোববার তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওবায়দুল কাদের তথ্য অধিকার বিল ২০০৯ সম্পর্কে স্থায়ী কমিটির প্রতিবেদন সংসদে উত্থাপন করেন।
উত্থাপিত এই আইন অনুযায়ী জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই), প্রতিরক্ষা গোয়েন্দা ইউনিট, পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি), স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সেল, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গোয়েন্দা সেল এ বাধ্যবাধকতার আওতার বাইরে থাকবে।
স্থায়ী কমিটি এই ৮ টি সংস্থার তথ্য প্রদানে বাধ্যবাধকতা না থাকার সুপারিশ করেছে।
তবে এই আটটি সংস্থা বা প্রতিষ্ঠানকে দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তথ্য প্রকাশ করতে হবে।
এই আইনে প্রত্যেক নাগরিকের তথ্য লাভের অধিকার থাকবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য সরবরাহে বাধ্য থাকবে। আবেদনের পরিপ্রেক্ষিতে কুড়ি দিনের মধ্যে তথ্য সরবরাহ করতে হবে।
আইন কার্যকর হওয়ার পর ৯০ দিনের মধ্যে তথ্য কমিশন গঠন করার প্রস্তাব রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসইউএম/এএল/এইচএ/২২২৪ঘ.
bdnews24