২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শ্রমিক সমস্যা মেটাতে প্রয়োজনে প্রধানমন্ত্রী নিজে মালয়েশিয়া যাবেন'

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি নিয়ে নতুন অনিশ্চয়তার প্রেক্ষাপটে প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে যাবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। রোববার মন্ত্রী তার কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2009, 12:11 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি নিয়ে নতুন অনিশ্চয়তার প্রেক্ষাপটে প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে যাবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। রোববার মন্ত্রী তার কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন। বাংলাদেশী শ্রমিকদের মালয়েশিয়ায় যাওয়া বন্ধ হওয়ায় 'কূটনৈতিক ব্যর্থতার' জন্য সেখানে নিযুক্ত বাংলাদেশী হাইকমিশনার ও শ্রম কর্মকর্তাকে দেশে ফিরে আসতে বলা হয়েছে বলেও জানান মন্ত্রী। সমস্যার সমাধানের জন্য মালয়েশিয়ায় আগামী ২৬ মার্চ অনুষ্ঠেয় নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। অর্থনৈতিক মন্দার কারণ দেখিয়ে অন্যতম প্রধান জনশক্তি বাজার মালয়েশিয়া অতিসম্প্রতি ৫০ হাজার বাংলাদেশী কর্মীর কাজের ভিসা বাতিল করে। সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টার কথা জানিয়ে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, চলতি মাসের শেষ দিকে তিনি এবং পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি মালয়েশিয়া যাবেন। মন্ত্রী এসময় বলেন, "প্রয়োজনে সমস্যা সমাধানে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী নিজে সেখানে যাবেন।" মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানি বন্ধ হওয়ার ঘটনায় অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হলে খন্দকার মোশাররফ বলেন, "সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। তবে আগামী ২৬ মার্চে তাদের নির্বাচন। নির্বাচনের আগ পর্যন্ত এমন কোন মাধ্যম নেই, যাতে দ্রুত সমস্যার সমাধানে যোগাযোগ করা যায়।" নির্বাচনের পর আগামী ২৯ অথবা ৩০ মার্চ তিনি নিজেই জেনেভা থেকে ফেরার পথে মালয়েশিয়ায় যাবেন বলে শ্রম মন্ত্রী সাংবাদিকদের জানান। বাংলাদেশী শ্রমিক নেওয়া বন্ধের কারণ জানতে চাইলে খন্দকার মোশাররফ বলেন, "মালয়েশিয়ার শ্রমিক সংগঠনগুলো চাইছে বিদেশী শ্রমিক না নিয়ে স্থানীয় শ্রমিক দিয়েই কাজ করাতে।" নির্বাচনের পর মালয়েশিয়ার নতুন সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, "বাংলাদেশকে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে বাংলাদেশী শ্রমিকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।" তিনি বলেন, হাইকমিশন যাতে শ্রমিকদের স্বার্থ রক্ষায় আরো বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে সেজন্য মালয়েশিয়ায় বাংলাদেশ মিশনকে ঢেলে সাজানো হবে। মালয়েশিয়া বাংলাদেশী শ্রমিকদের প্রবেশের ক্ষেত্রে 'তেমন শক্ত অবস্থান নেয়নি' জানিয়ে মন্ত্রী বলেন, "এজন্যই শ্রমিক নেওয়া বন্ধের ঘোষণা দেওয়ার পরও তারা ৫৩২ জনকে সেখানে নিয়েছেন।" বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানান, সরকার ইতোমধ্যে বাংলাদেশী শ্রমিকদের জন্য বিকল্প ও নতুন বাজার খুঁজছে। ইতোমধ্যে লিবিয়াসহ কয়েকটি দেশে শ্রমিক ও অন্য পর্যায়ে জনশক্তি রপ্তানির প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশী নার্স নেওয়ার বিষয়েও আলোচনা করা হচ্ছে। মালয়েশিয়ায় হাইকমিশনের ব্যর্থতায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হবে কি না- এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "কারো বিরুদ্ধে তেমন কোন অভিযোগ থাকলে সরকার তা যাচাই করে দেখবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/১৮০১ঘ.