ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বসুন্ধরা অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাতজনের পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে ময়নাতদন্ত শেষে ছয়জনের লাশ শনিবার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, শনিবার বিকেলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে স্বজনরা মর্গ থেকে নিহতদের লাশ বুঝে নেন।
আগুনে পুড়ে প্রায় অঙ্গার হয়ে যাওয়ায় লাশগুলো শনাক্ত করতে স্বজনদের বেগ পেতে হয়। মূলতঃ তাদের আকৃতি ও মৃতদেহ উদ্ধারস্থলের ভিত্তিতে সহকর্মী ও আত্মীয়রা এগুলো শনাক্ত করেন।
আগুনে পুড়ে নিহতরা হলেন- ইলেকট্রিক মিস্ত্রী ইব্রাহিম মণ্ডল (৩৭), ফায়ার ইন্সপেক্টর হারুন অর রশীদ (৪০), সিনিয়র সিভিল সুপারভাইজার মোহাম্মদ আলী সরকার (৬০), টাইলস হেল্পার হামিদুল ইসলাম (২৫), পেইন্টার রেনু সরকার (২৬) ও ফায়ার অ্যালার্ম টেকনিশিয়ান আনিসুর রহমান বাবু (২৪)।
এছাড়া আগুন লাগার পর ছাদ থেকে তার বেয়ে নামতে গিয়ে নিহত হন ফায়ারম্যান বাকী বিল্লাহ। তার লাশ শুক্রবারই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এসকে/২০৫৪ঘ.
bdnews24