২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইডি, এসবি ও ডিএমপি প্রধান বদলি

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বিশেষ শাখা (এসবি) ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) প্রধানসহ সুপারিনটেনডেন্ট পর্যায়ের ৫৯ কর্মকর্তাকে শনিবার রদবদল করা হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2009, 01:56 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বিশেষ শাখা (এসবি) ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) প্রধানসহ সুপারিনটেনডেন্ট পর্যায়ের ৫৯ কর্মকর্তাকে শনিবার রদবদল করা হয়েছে। ঢাকার পুলিশ কমিশনার নাইম আহমেদকে পুলিশ স্টাফ কলেজের রেক্টর পদে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক এ কে এম শহিদুল হককে ঢাকা মহানগর পুলিশের কমিশনার পদে চলতি দায়িত্বে নিয়োগ করা হয়েছে। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক ঘোষণায় এসব রদবদলের আদেশ জারি করা হয়। অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান (চলতি দায়িত্বে) অতিরিক্ত আইজিপি মোহাম্মদ জাভেদ পাটোয়ারীকে এসবি প্রধান (চলতি দায়িত্বে) নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সৈয়দ শাহজামান রাজকে সিআইডির প্রধান (চলতি দায়িত্বে) নিয়োগ দেওয়া হয়েছে। এসবির দায়িত্বে থাকা বাহারুল আলমকে অতিরিক্ত আইজিপি(চলতি দায়িত্ব) পুলিশ সদর দপ্তরে নিয়োগ দেওয়া হয়। এছাড়া বেশ কয়েকটি রেঞ্জে পরিবর্তন ঘটানো হয়েছে। ঢাকা এপিবিএনের ডিআইজি ডা. মোহাম্মদ সাদিকুর রহমানকে রেলওয়ে রেঞ্জের ডিআইজি করা হয়েছে। ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি মোঃ আমির উদ্দিনকে পুলিশ সদও দপ্তরের ডিআইজি, রেলওয়ে রেঞ্জের চলতি দায়িত্বে থাকা ডিআইজি শেখ হেমায়েত হোসেন মিয়াকে খুলনা রেঞ্জের ডিআইজি (চলতি দায়িত্বে), পুলিশ সদর দপ্তরের ডিআইজি (চলতি দায়িত্বে) মোঃ মোখলেসুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি (চলতি দায়িত্বে), সদর দপ্তরের ডিআইজি (চলতি দায়িত্বে) মোঃ মোশাররফ হোসেন ভূঞাকে ডিআইজি সিলেট রেঞ্জ (চলতি দায়িত্বে), সিলেট রেঞ্জের ডিআইজি (চলতি দায়িত্বে) মোহাম্মদ আবুল কাশেমকে অতিরিক্ত পুলিশ কমিশনার ডিএমপি, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুস সালামকে সদর দপ্তরের ডিআইজি (চলতি দায়িত্বে), খুলনা রেঞ্চের অতিরিক্ত ডিআইজি মোঃ আছাদুজ্জামান মিয়াকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (চলতি দায়িত্বে) এবং কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব) ডা. মোঃ আবদুর রহিমকে বিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্বে) নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া পুলিশ সুপার বা উপ পুলিশ কমিশনার পর্যায়ের বেশ কিছু পদে রদবদল করা হয়েছে। ৫৯ কর্মকর্তার মধ্যে ৩ জন গুরুত্বপূর্ণ পদের কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ সদরদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) নিয়োগ করা হয়েছে। এরা হলেন- পুলিশ স্টাফ কলেজের রেক্টর (অতিরিক্ত মহাপরিদর্শক) এ কে এম মাহফুজুল হক, বরিশাল রেঞ্জের উপ-মহাপরিদর্শক খান সাঈদ হাসান ও বরিশাল মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার (অতিরিক্ত উপ- মহাপরিদর্শক) আলী আকবর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসআইটি/এসকে/২২৫৩ঘ.