২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসুন্ধরার অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখবে তদন্ত কমিটি

বসুন্ধরা অগ্নিকাণ্ডের তদন্ত কমিটির প্রধান বলেছেন, ভবনটিতে আগুন মোকাবিলায় কি ধরনের ব্যবস্থা থাকার কথা ছিল, আর আসলে কতটুকু ছিল সেসব দিক খতিয়ে দেখা হচ্ছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2009, 11:30 AM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বসুন্ধরা অগ্নিকাণ্ডের তদন্ত কমিটির প্রধান বলেছেন, ভবনটিতে আগুন মোকাবিলায় কি ধরনের ব্যবস্থা থাকার কথা ছিল, আর আসলে কতটুকু ছিল সেসব দিক খতিয়ে দেখা হচ্ছে। (আরো তথ্যসহ) প্রথমবারের মতো ঘটনাস্থল পরিদর্শন শেষে শনিবার এক সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পুলিশ) ইকবাল খান চৌধুরী একথা বলেন। ইকবাল খান চৌধুরী জানান, বসুন্ধরায় বিদ্যমান অগ্নিকাণ্ড মোকাবিলা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট স্থপতিদের সঙ্গে কথা বলা হচ্ছে। কমিটি প্রধান বলেন, আগুনে টাওয়ারটির ছাদ (২০ তলা) সহ ওপরের ১৬ থেকে ১৯ তলা পুরোপুরি এবং ১৪ ও ১৫ তলা আংশিকভাবে পুড়েছে। তিনি বলেন, "আগুন কেন লাগলো, কীভাবে লাগলো এবং এত ছড়ালো কেন এসব বিষয়ে তদন্ত হবে। আর এটি নিছক দূর্ঘটনা না নাশকতা তাও খতিয়ে দেখা হচ্ছে।" বসুন্ধরার নিজস্ব ফায়ার টিমের কোনও ব্যর্থতা ছিল না দাবি করে বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যানের উপদেষ্টা মোস্তফা কামাল মহিউদ্দিন বলেন, "তারা চেষ্টা করেছে। সরকারি দমকল বাহিনীসহ সব বাহিনী আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করেছে। তবে তাদের কাছে সব যন্ত্রপাতি ছিল না।" বসুন্ধরা গ্র"পের এ কর্মকর্তা আরো জানান, অগ্নিকাণ্ডে হতাহতদের ক্ষতিপূরণ দেওয়া যায় কিনা সে ব্যাপারে গ্র"পটি চিন্তাভাবনা করছে। ক্ষতিগ্রস্ত কর্পোরেট অফিসগুলোর কর্মকাণ্ড সমন্বয় করার জন্য ৭ম তলায় একটি অস্থায়ী কার্যালয় স্থাপন করা হয়েছে। তিন-চারদিনের মধ্যে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ব্যবসা-প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানান মোস্তফা কামাল মহিউদ্দিন। সুবিশ্লা বসুন্ধরা সিটির প্রথম তলায় এ সংবাদ সম্মেলন হয়। ভবনটির স্থপতি মো. ফয়েজ উল্লাহ বলেন, "প্রস্তুতি থাকার পরও কেন আগুন লাগলো এবং তা নিয়ন্ত্রণ করা গেল না এসব বিষয় খতিয়ে দেখা হবে।" টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ এখনও সঠিকভাবে বোঝা যাচ্ছে না বলে জানান তিনি। শুক্রবার গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি শনিবার সকালেই কাজ শুরু করে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হচ্ছেন দমকল ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক মেজর মতিউর রহমান এবং মহানগর পুলিশের তেজগাঁও অঞ্চলের উপ কমিশনার (ডিসি) মাহাবুবুর রহমান। শনিবার সকাল ১১টায় তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনে যান। দুপুর ২টা পর্যন্ত তারা সেখানে ছিলেন। ভবনের ১১ থেকে ২০ তলা পর্যন্ত রয়েছে প্রতিষ্ঠানটির কর্পোরেট কার্যালয়। ৯ ও ১০ তলায় জিমন্যাসিয়াম এবং নিচ থেকে ৮ তলা পর্যন্ত মার্কেট। আগুনে নিচ থেকে ১৩ তলা পর্যন্ত কোনো ক্ষতি হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এসকে/১৯৫০ঘ.