২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাস মালিক-শ্রমিকদের হামলায় আহত ১০

সিরাজগঞ্জ শহরের কাঠের পুল এলাকায় শনিবার সকালে জেলা বাস মালিক ও শ্রমিকদের হামলায় সিএনজি চালিত অটোরিকশার ১০ চালক ও যাত্রী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2009, 10:47 AM

Updated : 26 Aug 2022, 11:11 AM

সিরাজগঞ্জ, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জ শহরের কাঠের পুল এলাকায় শনিবার সকালে জেলা বাস মালিক ও শ্রমিকদের হামলায় সিএনজি চালিত অটোরিকশার ১০ চালক ও যাত্রী আহত হয়েছেন। সকাল ৯টার দিকে হামলার পর থেকে দুপুর ২টার পর্যন্ত শহরে অটোরিকশা এবং সিরাজগঞ্জ-কাজীপুর সড়কে বাস চলাচল বন্ধ ছিল। হামলার প্রতিবাদে অটোরিকশা মালিক ও চালকরা শহরের স্টেশন মোড় ও রহমতগঞ্জ কাঠের পুল এলাকায় সড়ক অবরোধ করে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সিরাজগঞ্জ সদর থানার পুলিশ কর্মকর্তারা জানান, শহরের রহমতগঞ্জ কাঠের পুল এলাকায় বাস মালিক ও শ্রমিকদের কয়েকজন জাগরণ পরিবহনের সিএনজি চালিত একটি অটোরিকশার চালক মোমিনসহ পাঁচ আরোহীকে বেধড়ক মারধর করে। ঘটনার পরপরই অটোরিকশা মালিক ও চালকরা স্টেশন মোড় ও রহমতগঞ্জ কাঠের পুল এলাকায় সড়ক অবরোধ করে। এ ঘটনায় বাস মালিক ও শ্রমিকরা এম এ মতিন বাস টার্মিনালের সামনে তিনটি অটোরিকশা ভাঙচুর করে। তাদের হামলায় আহত হন আরও পাঁচজন। আহতদের মধ্যে আছেন- অটোরিকশা চালক মোমিন, আলহাজ ও মঞ্জু। অন্যদের নাম জানা যায়নি। এর মধ্যে মমিনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিজয় কৃষ্ণ কর জানান, অটোরিকশা মালিক সমিতির নেতা মোসলেম উদ্দিন বাস মালিক সমিতির কাঠের পুল টার্মিনালের কর্মচারী শম্ভু সিংহসহ ৮/৯জনকে আসামি করে একটি মামলা করেছেন। বিষয়টি মীমাংসার জন্য রাত সাড়ে ৮টার দিকে দুপক্ষকে থানায় ডাকা হয়েছে বলে তিনি জানান। সিরাজগঞ্জ জেলা অটোরিকশা, অটোটেম্পো ও হিউম্যান হলার মালিক গ্র"পের সদস্য সচিব ফেরদৌস হাসান সাংবাদিকদের বলেন, "প্রায় তিনশ' বাস ও মিনিবাস বিআরটিএ'র নিয়মনীতি উপেক্ষা করে বিভিন্ন রুটে চলছে। আমরা রেজিস্টেশন ও রুট পারমিট নিয়ে যান চালাতে গিয়ে তাদের বাধার মুখে পড়ছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪৬ ঘ.